বগুড়ার চারটি বাজারে ১৮ আগস্ট থেকে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বগুড়া শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজার, বকশী বাজার ও কালীতলা বাজারের দোকান মালিক সমিতি আগামী ১৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ডাক দিয়েছে। শনিবার বগুড়া প্রেসক্লাবে দোকান মালিক সমিতি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। দোকান মালিকদের পক্ষে নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, পৌরসভা তার চারটি বাজারের প্রতিটি দোকান থেকে প্রতি বর্গফুট তিন টাকা হিসাবে ভাড়া নিয়ে আসছিল। কিন্তু কোনো নোটিশ ছাড়াই হঠাৎ প্রতি বর্গফুট ১০ টাকা ভাড়া নির্ধারণ করে দোকান মালিকদের নতুন চুক্তি করতে বলা হয়েছে। আর নতুন চুক্তি না করায় পৌর কর্তৃপক্ষ দোকান মালিকদের ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে। সংবাদ সম্মেলনে রাজাবাজার দোকান মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান, ফতেহ আলী বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজার রহমান, কালীতলা দোকান মালিক সমিতির সভাপতি আবদুস সালাম ও বকশী বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পৌর মেয়র এ কে এম মাহবুবুর রহমান জানান, কাঁচা মালামাল ব্যবসায়ীরা প্রতি বর্গফুট নয় টাকা করে এবং ফুল ব্যবসায়ীরা ২৫ টাকা হারে ভাড়া দিচ্ছেন। প্রতি বর্গফুট তিন টাকা ভাড়া দেশের কোথাও নেই। পৌর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ার সঙ্গে ট্রেড লাইসেন্সের কোনো যোগসূত্র নেই। নিয়ম অনুযায়ী চুক্তিপত্র দেখালেই তাকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়।