বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসককে মারধরের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গত সোমবার থেকে জেলার সব সরকারি হাসপাতালে দুই ঘণ্টা করে চিকিৎসকদের প্রতীকী কর্মবিরতি চলছে। একই দাবিতে গত রোববার থেকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে।কর্মবিরতি চলাকালে গতকাল সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চত্বরে প্রতিবাদ সভা করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বগুড়া জেলা শাখা। বগুড়া বিএমএর সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক রেজাউল আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, চিকিৎসক সুশান্ত কুমার সরকার, সহকারী রেজিস্ট্রার শাহ আবদুল হাদী প্রমুখ। বক্তারা বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আগামী বৃহস্পতিবারের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ৬ জুন রাতে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগীর ভর্তিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও তাঁর লোকজন হাসপাতালের চিকিৎসক নাজমুস সাকিব ও সামিউল ইসলামকে মারধর করেন।