আন্তনগর ট্রেন রংপুর এক্সপ্রেস গত রোববার থেকে যাত্রা শুরু করেছে। ঢাকা-রংপুর যাত্রাপথে এ ট্রেন বগুড়া রেলস্টেশনে যাত্রাবিরতি দেবে। কিন্তু এ ট্রেনে বগুড়ার জন্য মাত্র ১৫টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। বগুড়ার যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে আরও আসন বরাদ্দের দাবি জানিয়েছেন। বগুড়ার স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ট্রেনটিতে ১১টি বগি ও মোট আসন ৪৩৫টি রয়েছে। এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ৩০টি, প্রথম শ্রেণীর ২৭টি, শোভন চেয়ার ১২০টি ও সুলভ সাধারণ ২৫৮টি। বগুড়ার জন্য বরাদ্দ আছে পাঁচটি শোভন চেয়ার ও সুলভ সাধারণ ১০টি। বেশ কয়েকজন যাত্রী ক্ষোভের সঙ্গে বলেন, বগুড়া থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী ঢাকায় যাতায়াত করেন। তাঁরা এই ট্রেনে চলাচল করতে চান। কিন্তু বগুড়ার মতো একটি বড় জেলার জন্য মাত্র কয়েকটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এটা আমাদের হতবাক ও বিস্মিত করেছে। বগুড়া চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক আমজাদ হোসেন বলেন, অভিজাত একটি ট্রেন চালু করা হলো, সেখানে বগুড়ার যাত্রীদের উপেক্ষা করা হয়েছে। সড়কপথে বর্তমানে যে অবস্থা তাতে মানুষ নিরাপদে ট্রেনে যাতায়াত করতে চায়। বগুড়ার জন্য প্রথম শ্রেণীর আসনসহ আরও আসন বরাদ্দ দিতে হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান বলেন, ‘আমরা এই ট্রেন সার্ভিস নিয়ে হতাশ। বগুড়াবাসীকে বঞ্চিত করা হয়েছে। রংপুরে যেমন অভিজাত শ্রেণীর লোক রয়েছেন, বগুড়াতেও আছেন। সে জন্য সরকারের কাছে বগুড়ার জন্য এ ট্রেনের এসিসহ প্রথম শ্রেণীর আসন বাড়ানোর দাবি জানাচ্ছি। রেলওয়ে সূত্রে জানা গেছে, রংপুর থেকে ট্রেনটি ঢাকা যাওয়ার পথে কাউনিয়া, বামনডাঙ্গা, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর, বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম স্টেশন, ঢাকার বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে। ট্রেনটি ৪৪৮ কিলোমিটারের এ যাত্রাপথ ১০ ঘণ্টা পাঁচ মিনিটে পাড়ি দেবে।