বগুড়ার তিন পৌরসভায় 'নির্বাচনী সড়কবাতি'

বগুড়ার কাহালু পৌর এলাকায় ১৩ বছর ধরে সড়কবাতি ছিল মাত্র ১৪০টি। এক মাস আগেও রাত নামলেই অন্ধকার নেমে আসত পৌরসভার মহল্লাগুলোয়। তবে পৌর নির্বাচনকে সামনে রেখে পাল্টে গেছে চিত্র। বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ৮৫০টি সড়কবাতি লাগিয়েছেন।
গত বুধবার কাহালু পৌরসভা কার্যালয়ের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২০০২ সালে এটি পৌরসভা ঘোষণা হয়। এত দিন এই পৌরসভায় সড়কবাতি ছিল মাত্র ১৪০টি।
পৌর এলাকার উলুট্রবাজারের ভোটার আলাউদ্দিন বলেন, এত দিন মহল্লায় হাতে গোনা কয়েকটি সড়কবাতি ছিল। তাও ঠিকমতো জ্বলে না। তবে মাস খানেক আগে কিছু বাতি পাল্টানো হয়েছে।
হেলাল উদ্দিন কবিরাজ দাবি করেন, কিছুদিন আগে পৌরসভার নিজস্ব তহবিল থেকে প্রায় ৮৫০টি নতুন সড়কবাতি লাগানো হয়েছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই।
শুধু কাহালু পৌরসভায় নয়, নির্বাচনকে সামনে রেখে বগুড়া ও নন্দীগ্রাম পৌরসভায়ও হঠাৎ করে ‘নির্বাচনী সড়কবাতি’ লাগানো হয়েছে। এর মধ্যে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর খোরশেদ আলম গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের দিনেও তাঁর এলাকায় বেশ কিছু সড়কবাতি লাগিয়েছেন। অন্যদিকে নন্দীগ্রাম পৌর এলাকায় ১৫ থেকে ২০টি নতুন সড়কবাতি লাগিয়েছেন বর্তমান মেয়র ও বিএনপি-সমর্থিত প্রার্থী সুশান্ত কুমার শান্ত। তবে তাঁর দাবি, তিনি অকেজো সড়কবাতি ঠিক করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের দিনেও বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড এলাকার বেতগাড়ি ও আশপাশের এলাকায় বেশ কিছু সড়কবাতি লাগাতে দেখা গেছে। দুপুরের দিকে বগুড়া শহর থেকে একটি ঠেলাগাড়িতে করে বেশ কিছু সড়কবাতি ১৩ নম্বর ওয়ার্ডে লাগানোর জন্য নিয়ে যাচ্ছিলেন পৌরসভার বিদ্যুৎকর্মী সুধাকান্ত মোহন্ত। তিনি বলেন, খোরশেদ আলম নিজের পকেটের টাকায় এসব সড়কবাতি লাগাচ্ছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদানকারী খোরশেদ আলম বলেন, ‘পৌরসভার বেশ কিছু সড়কবাতি অকেজো ছিল। রাতে অন্ধকারে কোনো প্রার্থী প্রচারণায় এসে যাতে সমস্যায় না পড়েন এবং সব প্রার্থী উৎসবমুখর পরিবেশে যাতে প্রচারণা চালাতে পারেন, এ জন্য ভোটারের অনুরোধে নিজের পকেটের টাকায় কয়েকটি মহল্লায় অকেজো সড়কবাতি বদলে দিচ্ছি। এই সড়কবাতির সঙ্গে ভোটের কোনো রাজনীতি নেই।’
সরেজমিনে গত সোমবার নন্দীগ্রাম পৌর এলাকার পশ্চিমপাড়া, মাজগ্রাম, দামগাড়া, কালিকাপুর, সুখীবাজার, কলেজপাড়াসহ কয়েকটি এলাকায় নতুন সড়কবাতি দেখা যায়।
এ বিষয়ে সুশান্ত কুমার শান্ত বলেন, পৌরসভার প্রায় ২ হাজার ৫০০টি সড়কবাতি রয়েছে। বছরজুড়েই অকেজো সড়কবাতি পাল্টিয়ে দেওয়া হয়। নির্বাচন সামনে রেখে কোনো সড়কবাতি লাগানো হচ্ছে না বলে দাবি করেন তিনি।