বগুড়ার দুই মামলায় জঙ্গি 'রাজীব গান্ধী' ১৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ এবং নব্য জেএমবির সদস্য জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধীকে বগুড়ার দুটি মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বগুড়ার শেরপুর ও শিবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা দুই মামলায় জাহাঙ্গীর ওরফে রাজীবকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতে হাজির করা হয়। এর মধ্যে জঙ্গি আস্তানায় বিস্ফোরণের ঘটনায় শেরপুর থানায় করা মামলায় বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ তাঁর আট দিনের এবং শিবগঞ্জ থানায় করা মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সকালে এই জঙ্গিকে আদালতে আনা হয়। তাঁকে গত ১৩ জানুয়ারি টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, গত বছরের ৩ এপ্রিল রাতে শেরপুরের জুয়ানপুর কুঠিরভিটা গ্রামে জঙ্গিদের ভাড়া করা একটি বাড়িতে গ্রেনেড বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হওয়ার ঘটনায় করা মামলায় জাহাঙ্গীরের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
শিবগঞ্জ থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রাজু কামাল বলেন, গত ১৩ জুন শিবগঞ্জের ভাইয়েরপুকুর এলাকায় জাহাঙ্গীরের নেতৃত্বে জঙ্গিদের গোপন বৈঠকের স্থান থেকে অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়। এই মামলায় জাহাঙ্গীরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।