বগুড়ার দুটি মিলনায়তন ইজারা বন্ধের দাবি
বগুড়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে দিতে শহরের শহীদ টিটু মিলনায়তন ও উডবার্ন লাইব্রেরি মিলনায়তন আধুনিকায়নের বদলে ব্যক্তিমালিকানায় ইজারা প্রদানের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। ওই দুটি মিলনায়তন ব্যক্তি খাতে ইজারা প্রদানের তৎপরতার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংস্কৃতিক কর্মীরা এসব কথা বলেন।
ওই দুটি মিলনায়তন ব্যক্তি খাতে ইজারা প্রদানের তৎপরতার বিরুদ্ধে গতকাল বেলা ১১টায় শহরের সাতমাথায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। পরে সাংস্কৃতিক কর্মীরা দুটি মিলনায়তন ইজারা প্রদানের তৎপরতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের কাছে স্মারকলিপি দেন।
বগুড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসানের সভাপতিত্বে এসব কর্মসূচি পালন করা হয়।
সাংস্কৃতিক কর্মীদের অভিযোগ, শহরের সাংস্কৃতিক চর্চার ভরসাস্থল দুটি মিলনায়তন আধুনিকায়ন ও ভাড়া কমানোর জন্য তাঁরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। অথচ তাঁদের দাবি পাশ কাটিয়ে পৌর মেয়র মিলনায়তন দুটি ব্যক্তি খাতে ইজারা প্রদানের সব আয়োজন সম্পন্ন করেছেন। দুটি মিলনায়তন ইজারা দেওয়া হলে ইজারাদার ইচ্ছেমতো ভাড়া আদায় করবেন। এতে সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষে ভাড়া জোগানো সম্ভব হবে না। এতে বগুড়ায় সাংস্কৃতিক চর্চার পথ রুদ্ধ হবে। জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদসহ প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সারা বছর ধরে সরব সাংস্কৃতিক আন্দোলন ব্যাহত হবে। তাইসাংস্কৃতিক কর্মীরা এই চক্রান্ত যেকোনো মূল্যে রুখে দেবেন।
প্রতিবাদ সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক জে এম রউফ, সংস্কৃতিব্যক্তিত্ব আতিকুর রহমান, সাদেকুর রহমান, আবদুল্লাহেল কাফি, মতিয়ার রহমান, শ্যামল বিশ্বাস, পলাশ খন্দকার, খলিলুর রহমান চৌধুরী, এ বি এম জিয়াউল হক, নিভা রানী সরকার প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে স্থানীয় পেশাজীবী কয়েকটি সংগঠন একাত্মতা প্রকাশ করে।
তৌফিক হাসান বলেন, দুটি মিলনায়তন আধুনিকায়নের জন্য সংস্কৃতিমন্ত্রীসহ বিভিন্ন স্থানে দাবি জানিয়ে আসছিলেন সাংস্কৃতিক কর্মীরা। অথচ আধুনিকায়নের দাবি পাশ কাটিয়ে পৌর মেয়র মিলনায়তন দুটি ব্যক্তি খাতে ইজারা প্রদানে উঠেপড়ে লেগেছেন।
তবে পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, দুটি মিলনায়তন থেকে বছরে যে আয় হয়, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ রক্ষণাবেক্ষণে তার দ্বিগুণ ব্যয় হয়। মিলনায়তন দুটির ঠিকমতো ভাড়াও আদায় হয় না। ব্যয় সংকুলান করতে পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক মিলনায়তন দুটি ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সাংস্কৃতিক কর্মীদের কোনো দাবি থাকলে সেটা তাঁরা পৌরসভাকে জানাতে পারতেন। কিন্তু তাঁরা তা করেননি।