বগুড়ার নয় পৌরসভার পাঁচটি আ.লীগের দখলে
দলীয় কোন্দল, সাংঠনিক দুর্বলতা এবং মাঠে বিদ্রোহী প্রার্থী থাকার সুযোগ নিয়ে পৌরসভা নির্বাচনে বিএনপির দুর্গ লন্ডভন্ড করেছে আওয়ামী লীগ। জেলার নয়টি পৌরসভার মধ্যে মেয়র পদে চারটিতেই আওয়ামী লীগ এবং একটিতে দলটির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে।
অপর চার পৌরসভার মধ্যে তিনটিতে বিএনপি এবং একটিতে দলটির বিদ্রোহী মেয়র প্রার্থী জয়ী হয়েছেন।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জিয়াউর রহমানের বাড়ি বগুড়ায় হওয়ার সুবাদে বিগত দিনের প্রায় সব নির্বাচনে ভোটের চূড়ান্ত ফলাফলে শেষ হাসি হেসেছে বিএনপি। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিএনপির ভরাডুবি হলেও বগুড়ার সাত আসনের পাঁচটিতে জয় পেয়েছেন তাঁদের প্রার্থীরা। আবার গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১২টি উপজেলাতেই আওয়ামী লীগকে হারায় দলটি।
বগুড়ার নয়টি পৌরসভার মধ্যে কাহালু এবং ধুনট পৌরসভা এত দিন আওয়ামী লীগের দখলে ছিল। অন্যদিকে বগুড়া সদর, গাবতলী, সারিয়াকান্দি, শেরপুর, নন্দীগ্রাম, শিবগঞ্জ ও সান্তাহার পৌরসভা ছিল বিএনপির দখলে।
জেলার কয়েকজন দায়িত্বশীল নেতার অভিযোগ, সারিয়াকান্দি পৌরসভায় সদ্য দলে যোগ দেওয়া একজনকে দলীয় মনোনয়ন দেওয়ায় বিএনপির একটি বড় অংশ কাজ করেনি প্রার্থীর পক্ষে। নন্দীগ্রাম পৌরসভাতেও দলের একটি বড় অংশ কাজ করেছে বিদ্রোহী প্রার্থীর পক্ষে। শিবগঞ্জ, শেরপুর এবং কাহালু পৌরসভায় দলের একটি অংশ গোপনে কাজ করেছে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে। ফলে ওই পাঁচ পৌরসভাতেই প্রার্থীরা শোচনীয়ভাবে নৌকার প্রার্থীদের কাছে হেরেছেন। এ ছাড়া পৌর নির্বাচন নিয়ে জেলা নেতৃত্বের গা ছাড়া ভাব দলের জন্য ভরাডুবি ডেকে আনে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেন, নির্বাচনে বগুড়া সদর পৌরসভায় বেশ কিছু কেন্দ্রে ক্ষমতাসীন দলের লোকজন ভোটকেন্দ্র দখলে নিয়ে ব্যালটে সিল মেরেছে। অথচ কোথাও বিএনপি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। আবার অন্য কয়েকটি পৌরসভায় প্রশাসনের সহযোগিতায় সূক্ষ্ম কারচুপি করে নৌকা প্রতীকের ব্যালট বাক্স ভরা হয়েছে। অথচ অনেক ভোটকেন্দ্রে বিএনপির এজেন্টকেই দেখা যায়নি।
তাঁরা আরও বলেন, বিএনপি এখন সাংগঠনিকভাবে অগোছালো। অভ্যন্তরীণ কোন্দল প্রকট। কোনো কোনো স্থানে একাধিক দলে বিভক্ত হয়েছে মূল দল। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ির সুযোগ নিয়েছে বিরোধীরা। দলীয় কোন্দলেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে স্বীকার করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনও।
জয়নাল আবেদীন অভিযোগ করেন, দলীয় বিভাজন ও বিদ্রোহী প্রার্থীর কারণে দু-একটি পৌরসভায় বিএনপিকে হারতে হয়েছে এটা সত্যি। তবে অধিকাংশ পৌরসভাতেই ভোট ডাকাতি করে বিজয় ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ। কোনো কোনো পৌরসভায় ভোট শুরুর আগেই ব্যালট কেটে বাক্স ভরানো হয়েছে, কোথাও ভোট শুরুর পর কেন্দ্র দখল করে ব্যালট কাটার উৎসব করেছে ক্ষমতাসীনেরা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, দু-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। তাঁর মতে, নির্বাচনে হেরে কারচুপির অভিযোগ তোলা বিএনপির পুরোনো অভ্যাস।