বগুড়ার বইমেলাতেও শাহবাগের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় জমে উঠেছে একুশের বইমেলা। শহরের শহীদ খোকন পার্কের শহীদ মিনার চত্বরে আট দিনব্যাপী এ মেলা এখন লেখক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।মেলায় প্রতিদিনই একাধিক লেখক ও কবির নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হচ্ছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে একুশের এই বইমেলা মঞ্চে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। নবীন-প্রবীণ ও খ্যাতিমান লেখকের অসংখ্য বই স্থান পেয়েছে মেলার ৪০টি স্টলে। প্রকাশক ও ব্যবসায়ীরা জানিয়েছেন, অন্যান্য বছরের চেয়ে এবার মেলায় বেশি বই বিক্রি হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে বলে আয়োজকেরা জানিয়েছেন। মেলায় স্টল সাজিয়ে বসা বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক প্রথম আলোকে বলেন, ‘এবারের বগুড়ার বইমেলায় ঢেউ লেগেছে শাহবাগ গণজাগরণ মঞ্চ ও প্রজন্ম চত্বরের। শুরুর দিন থেকেই লেখক, পাঠক ও প্রকাশকদের মুখে মুখে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এবং ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে। এবার মুক্তিযুদ্ধের চেতনার বই বেশি বিক্রি হচ্ছে।’নলেজ সেন্টারের শাহিন মিয়া বলেন, ‘এই বইমেলায় এবার শাহবাগ প্রজন্ম চত্বরের আমেজ বিরাজ করছে।’সর্বশেষ গত সোমবার মেলায় এসেছে তরুণ কবি ও বগুড়ার প্রজন্ম মঞ্চের অন্যতম কর্মী জে এম রউফের প্রথম কাব্যগ্রন্থ চালাও বুলেট—রক্ত দেবো। ওই দিন সন্ধ্যায় নতুন আসা এই বইয়ের মোড়ক উন্মোচন করেন বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ। গতকাল মঙ্গলবার পর্যন্ত বগুড়ার বইমেলায় লেখকদের যেসব নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে, তার মধ্যে রয়েছে করিম মোহাম্মদের কাব্যগ্রন্থ বিদগ্ধ, সুদেব রায়ের উপন্যাস সুখ, তমিজ উদ্দিন আহমদের অনুবাদগ্রন্থ রঙ্গীন দ্বীপের কুহুক, এইচ আলিম ও মাহাবুব টুটুলের যৌথ কাব্যগ্রন্থ বিকেলের বৃষ্টিতে, চুল ভিজে মধ্যরাতে, রওনক জাহানের রুদ্র রূপালী, কিশোর কবি নাঈম হাসানের আবারও যুদ্ধে যাবো, হোসনে আরা মনিরের অপরাজিতা, খন্দকার বজলুর রহীমের বাঘ মামার বিয়ে ও ভূত ধরা বিলের মাছ, হাওলাদার ইদরিসের ৭১-এর শয়তান, আয়েশা বেগমের উপন্যাস এক বাঙ্গালী নারীর আত্মজীবনী, শাহ মো. ইলিয়াসের বগুড়ার মমতাজ উদ্দিনসহ বেশ কিছু বই।