বগুড়ার বধ্যভূমিতে হঠাৎ ফুলের বাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বধ্যভূমির সামনে হঠাৎ​ ফু​ল গাছ লাগানো হয়েছে। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
বধ্যভূমির সামনে হঠাৎ​ ফু​ল গাছ লাগানো হয়েছে। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

কয়েক দিন আগেও স্থানটি ছিল ময়লা-আবর্জনায় ভরা, কুকুর-শূকরের বিচরণক্ষেত্র। সেই জায়গার চিত্র এখন পুরোটাই ভিন্ন। নেই ময়লা-আবর্জনা। সামনের অংশ ঘেরা হয়েছে বাঁশের বেড়া দিয়ে। তার ভেতরে গাঁদা আর গোলাপের চারা লাগিয়ে রাতারাতি গড়ে তোলা হয়েছে ফুলের বাগান।
বছরজুড়ে অযত্ন-অবহেলায় পড়ে থাকা পাল্টে যাওয়া বগুড়া শহরের রেলস্টেশন-সংলগ্ন রেলওয়ে বধ্যভূমির এ চিত্র গতকাল বুধবারের। স্থানীয় ব্যক্তিরা বলেন, প্রশাসন বা পৌরসভা নয়। রাতারাতি এই চিত্র পাল্টে দেওয়ার নেপথ্যে বধ্যভূমির জায়গা এবং প্রবেশপথ দখল করে স্থাপনা নির্মাণকারী অবৈধ দখলদারেরাই। বধ্যভূমির রাস্তা ও সামনের জায়গা দখলকারীদের বেশির ভাগই স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মীয়স্বজন।
বধ্যভূমি চত্বরে গড়ে তোলা রিকশা গ্যারেজের মালিক জহুরুল ইসলাম বলেন, ৬ ডিসেম্বর প্রথম আলোর পক্ষ থেকে এই বধ্যভূমির ব্যাপারে খোঁজখবর নেওয়ার পর তিনি বিষয়টি জনি নামের স্থানীয় ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাতিজাকে জানান। তিনিই লোক দিয়ে বাঁশের বেড়া দেন এবং ফুলের গাছ লাগান। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, বধ্যভূমির শহীদ স্মৃতিস্তম্ভ ঘেঁষে গণশৌচাগার একটু দূরে সরিয়ে নেওয়া হয়েছে। তবে পাশে ময়লা-আবর্জনার ভাগাড় এখনো দেখা যাচ্ছে। সরিয়ে নেওয়া হয়নি রিকশা গ্যারেজও। প্রবেশপথ দখল করে গড়ে ওঠা ভাঙারির দোকানও আছে আগের মতোই। সামনে বাঁশের বেড়া দেওয়া হলেও স্মৃতিস্তম্ভের সুড়ঙ্গপথে বধ্যভূমির ওপর দিয়ে এখনো চলছে রেলওয়ে বস্তির লোকজনের অবাধ যাতায়াত। স্মৃতিস্তম্ভের বেদিতে এখনো অস্পষ্ট শহীদের তালিকার নামফলক।
স্থানীয় ব্যক্তিরা বলেন, ১৯৭১ সালের ৩০ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে শহীদ হন মহাহিসাবনিয়ন্ত্রক কার্যালয়ের পরিদর্শক আবদুস সাত্তার, আবদুল কাদের ও আবদুস সালাম, সমবায় অধিদপ্তরের জেলা পরিদর্শক আবদুল গনি, আবদুল মতিন সুজা, মোহর আলী শেখ (বাচ্চা) এবং অজ্ঞাত একজন। তাঁদের লাশ চাপা দেওয়া হয় এখানে। এখনো রাতের অন্ধকার নামলেই বধ্যভূমি চত্বরে বেড়ে যায় মাদকসেবীদের বিচরণ।
রেলওয়ে বগুড়ার সহকারী প্রকৌশলী আবদুস সোবহান বলেন, রেলওয়ের জায়গা হলেও বধ্যভূমি দেখভালের দায়িত্ব জেলা প্রশাসনের। বধ্যভূমির জায়গার দখলকারী কারা এবং কারা সেখানে মাদকের আখড়া বসায় সেটা সবার জানা। এখানে অনেক কিছু দেখেই পরিস্থিতির শিকার হয়ে চুপচাপ থাকতে হয়। তবে প্রশাসন সোচ্চার হলে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের সহায়তায় বধ্যভূমির জায়গা দখলমুক্ত করা সম্ভব।