বগুড়ার রাজাবাজার ও ফতেহ আলী বাজার আগের জায়গাতেই বসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির পানিতে ডুবে গেছে আলতাফুন্নেছা খেলার মাঠ। সেই পানিতে জেগে আছে দোকানের ত্রিপলগুলো। ছবি: সোয়েল রানা
বৃষ্টির পানিতে ডুবে গেছে আলতাফুন্নেছা খেলার মাঠ। সেই পানিতে জেগে আছে দোকানের ত্রিপলগুলো। ছবি: সোয়েল রানা

নিকষ কালো অন্ধকার মেঘে ঢাকা পড়েছিল আকাশ। এরপর ঝোড়ো হাওয়া। মুহূর্তেই মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেকের বৃষ্টির পানিতে থইথই ময়দান। আর তাতেই ভাসতে থাকে ময়দানে পসরা সাজিয়ে বসা শাকসবজি, ফলমূল, মাছসহ নানা নিত্যপণ্য। তুমুল ঝড়বৃষ্টিতে ময়দানে দোকান ফেলে দোকানিরা ছোটাছুটি করেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ কেউ কোনোরকমে দোকান গুটিয়ে পলিথিনে ঢেকে পণ্য রক্ষার চেষ্টা করেন। কিন্তু দমকা বাতাসে তা উড়ে যাওয়ায় কোনো কিছুতেই রক্ষা মেলেনি। হাঁটুপানিতে ভেসে গেছে পসরা সাজিয়ে বসা পণ্য।

বৈশাখের প্রথম বৃষ্টিতে জলজট আর দুর্ভোগে ভোগান্তির এ চিত্র ছিল বুধবার সকালে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বসা অস্থায়ী বাজারে।

করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজার এই মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্ত তৃতীয় দিনেই কালবৈশাখীতে সব লন্ডভন্ড। বাজারের উপযোগী মাঠ না হওয়ায় এবং পানিনিষ্কাশনের নালা না থাকায় তুমুল বৃষ্টিতে জলজট তৈরি হয়। আর সেই জলজটে ভাসছিল অস্থায়ী বাজারের শতাধিক দোকানপাটের পণ্য। প্রশাসনের সিদ্ধান্তহীনতায় পুরো দিন ব্যবসা গুটিয়ে থাকতে হয়েছে ব্যবসায়ীদের।

বগুড়া আবহাওয়া অফিস সূত্র জানায়, বুধবার বগুড়া শহরে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, করোনার সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ফাঁকা জায়গায় বাজার বসানোর জন্য সরকারি নির্দেশনা মানতে শহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী রাজাবাজার ও ফতেহ আলী বাজার গত সোমবার থেকে বসছিল শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে। কাঁচা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, মুরগি থেকে শুরু করে সব ধরনের পণ্যের দোকান বসছিল সেখানে।

তবে দোকানিদের অভিযোগ, প্রথম থেকেই অব্যবস্থাপনা। এখানে দোকান বসার জন্য ছিল না কোনো অস্থায়ী ব্যবস্থা। বৃষ্টি থেকে রক্ষার জন্য ছিল না কোনো উদ্যোগ। ছিল না পানি ও শৌচাগার সুবিধাও।

বৃষ্টির পানিতে ভাসছে দোকানিদের শাকসবজিসহ অন্য পণ্যসামগ্রী। ছবি: প্রথম আলো
বৃষ্টির পানিতে ভাসছে দোকানিদের শাকসবজিসহ অন্য পণ্যসামগ্রী। ছবি: প্রথম আলো

আবার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বাজার বসানোয় করোনার সংক্রমণের ঝুঁকির শঙ্কা জানিয়ে আপত্তি ছিল জলেশ্বরীতলা এলাকাবাসীর। জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতি খেলার মাঠে বাজার বসানোর প্রতিবাদে লিখিত আপত্তিও জানায়। মঙ্গলবার সকালে জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাঠে মানববন্ধনের আয়োজন করলে পুলিশ তাতে বাধা দেয়। তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় মাঠে বাজার বসানোর সিদ্ধান্তে অনড় থাকে প্রশাসন। কিন্তু বুধবারের বৃষ্টিতে মাঠে তৈরি জলাবদ্ধতায় বড় ক্ষতির মুখে পড়লেন ব্যবসায়ীরা।

বেলা সাড়ে ১১টার দিকে মাঠে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে টইটম্বুর মাঠ। হাঁটুপানিতে ভাসছে বেগুন, করলা, পটোল, লেবুসহ বিভিন্ন সবজি। শিশু–কিশোরেরা বালতি হাতে পানিতে নেমে তরকারি কুড়াচ্ছে।

বাজারে শাকসবজি বিক্রি করতে আসা গাবতলীর উনচুরকি গ্রামের কৃষক আজমত আলী বলেন, তিনি ১ মণ লালশাক, আধা মণ পাটশাক, ৫ কেজি ধনেপাতা আর ১০ কেজি লাউয়ের ডগা বিক্রি করতে এসেছিলেন। সকালে পণ্যের পসরা সাজিয়ে বসতে না–বসতেই দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় ঝড়-বৃষ্টি। মাঠে দোকান রেখে আশ্রয় নেন পাশের ভবনের গেটে। বৃষ্টি থামার পর মাঠে এসে দেখেন, সব সবজি ভেসে গেছে।

একই কথা জানালেন বাজারে সবজি বিক্রি করতে আসা আরও অনেক ক্ষুদ্র দোকানি। দুপুর ১২টার দিকে বৃষ্টি থেমে গেলেও মাঠে জলজটের কারণে পরে আর দোকান বসতে পারেননি। দিনভর পানিতে শাকসবজি ভাসছিল। নষ্ট হয়ে যাওয়ায় অনেকেই তা ফেলে রেখে চলে যান।

সবজির দোকানি জামাল সরদার বলেন, তিনি ৬ হাজার টাকার শাকসবজি কিনে বাজারে বিক্রি করতে এসেছিলেন। কিন্তু এক টাকার সবজিও বিক্রি করতে পারেননি। পুঁজি হারিয়ে সব শেষ।

রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ বলেন, উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, আলতাফুন্নেছা খেলার মাঠে বাজার বসানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা জলাবদ্ধতার কারণে বাতিল করা হয়েছে। রাজাবাজার ও ফতেহ আলী বাজার আগের মতোই যথাস্থানে বসবে। তবে সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দোকানিদের তালিকা করে পালাক্রমে বসানোর জন্য ব্যবসায়ী সমিতিকে নির্দেশ দেওয়া হয়েছে।