বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ক্ষুব্ধ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্যাথলজি ল্যাবে হামলা চালিয়েছেন এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে লাঠিসোঁটা ও হকিস্টিক হাতে আসা একদল শিক্ষার্থী কলেজের প্রশাসনিক ভবনের ওপরতলায় গিয়ে এ হামলা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হামলায় মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে কলেজ ছাত্রলীগের সভাপতি এম এ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কেউ নয়, ফেল করা সাধারণ শিক্ষার্থীরা এই হামলা চালিয়েছে। তবু ভাঙচুরের সঙ্গে ছাত্রলীগের নাম আসায় আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কাল শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়েছে।
কলেজ প্রশাসন, পুলিশ ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ জন উত্তীর্ণ হন। ফেল করা শিক্ষার্থীদের ৩১ জন প্যাললজিতে অকৃতকার্য হয়েছেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম বলেন, ফেল করা শিক্ষার্থীরা বেলা সোয়া একটার দিকে কলেজ ছাত্রাবাস থেকে লাঠিসোঁটা, হকিস্টিক ও ক্রিকেটের ব্যাট হাতে বেরিয়ে এসে প্রশাসনিক ভবনের ওপরতলায় প্যাথলজি ল্যাবে হামলা করেন। মাত্র ১০ মিনিটের মধ্যে একটি মাইক্রোস্কোপ, ফ্রিজ, টেবিলসহ মূল্যবান কয়েক লাখ টাকার ক্ষতিসাধন করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই শিক্ষার্থীরা সটকে পড়েন।
কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব প্রথম আলোকে বলেন, পরীক্ষায় পাস-ফেল থাকবেই। চিকিৎসাবিদ্যায় এটা নতুন কিছু নয়। তা ছাড়া কাউকে ইচ্ছে করে ফেল করে দেওয়া হয়নি। কিন্তু অকৃতকার্য হয়ে কলেজে হামলা-ভাঙচুরের ঘটনা আগে কখনো ঘটেনি। শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা না থাকার কারণেই এটা ঘটেছে। এ ঘটনায় অ্যানাটমি বিভাগের অধ্যাপক অলি আহমেদকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কাল শনিবার কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডাকা হয়েছে।