বগুড়ার শাহ সুলতান কলেজে ডাকাতি, ২০টি কক্ষ তছনছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে গত সোমবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতের দল কলেজের অন্তত ২০টি কক্ষের তালা ভেঙে ড্রয়ার ও আলমারির কাগজপত্র তছনছ করেছে এবং কয়েক হাজার টাকা লুট করে নিয়ে গেছে। কলেজ সূত্রে জানা গেছে, সোমবার নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন শাহজাহান আলী ও ইসমাইল হোসেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অস্ত্রশস্ত্রসজ্জিত ২৫-৩০ জনের ডাকাতদলটি কলেজে ঢোকে। তারা দুই নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। সেখানে ডাকাতদলের তিন সদস্য পাহারায় ছিল। বাকিরা কলেজের বিভিন্ন কক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতদলটি প্রথমেই কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কক্ষের তালা ভাঙে। একে একে কলেজের সব কক্ষে হানা দেয় তারা। ভোর সোয়া চারটার দিকে চলে যায় ডাকাতদলটি।কলেজের অধ্যক্ষ যোগেন্দ্র নাথ মণ্ডল জানান, কলেজে সম্মান শ্রেণীতে আটটি বিভাগ রয়েছে। এই আটটি বিভাগের কক্ষ ছাড়াও গ্রন্থাগার, প্রশাসনিক কক্ষ, ভূগোল বিভাগ, কম্পিউটার বিভাগসহ অন্যান্য কক্ষের তালা ভাঙা হয়েছে। প্রতিটি কক্ষের আলমারি ও টেবিলের ড্রয়ার ভেঙে কাগজপত্র তছনছ করে রাখা হয়েছে। তাঁর আলমারিতে রাখা ২০ হাজার টাকা এবং প্রশাসনিক কার্যালয়ে রাখা তিন হাজার টাকা খোয়া গেছে। কোনো কাগজপত্র খোয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি অধ্যক্ষ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।