বগুড়ার শাহজাহানপুর থেকে সেনা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সেনানিবাসসংলগ্ন শাহজাহানপুর এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় সেনাসদস্যদের প্রত্যাহার করা হয়। গতকাল রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর— আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ওই এলাকা থেকে সেনাসদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এর আগে সহিংস ঘটনা এবং জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর শাহজাহানপুর এলাকায় সেনা মোতায়েন করা হয়। গতকাল প্রায় দিনভর সেখানে সেনা মোতায়েন নিয়ে এক ধরনের বিভ্রান্তি ছিল।বগুড়ায় সেনা মোতায়েন প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সেখানে সেনাক্যাম্পের সামনে সহিংস ঘটনা ঘটেছে। পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে জন্য সেনাসদস্যরা কাজ করছেন।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। বিরোধী দল ও জামায়াত-শিবির দেশে যা ঘটাচ্ছে, তা বিচ্ছিন্ন ঘটনা।