বগুড়ার শিবগঞ্জের গরিব মা আলেফা ঘর পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব মা দিবস উপলক্ষে অসহায় মা আলেফা বেগমের হাতে টিনের ঘরের চাবি তুলে দেওয়া হচ্ছে। গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর মহল্লায়। প্রথম আলো
বিশ্ব মা দিবস উপলক্ষে অসহায় মা আলেফা বেগমের হাতে টিনের ঘরের চাবি তুলে দেওয়া হচ্ছে। গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর মহল্লায়। প্রথম আলো

নতুন টিনের ঘর। হাতে চাবি। বৃদ্ধা আলেফা বেগমের চোখ আনন্দে চকচক করে ওঠে। চোখের কোণে জমে থাকা পানি টুপ করে পড়ে। শাড়ির আঁচলে চোখ মুছে নিজেকে কিছুটা সামলে তিনি বলেন, ‘এ-বাড়িত ও-বাড়িত থ্যাকা থ্যাকা জীবন পার করিচ্ছিনো। কত দিন হামাক বিষ্টিত ভিজা লাগিচে। একন হামার টিনের ঘর। আর ভিজা লাগবি ন্যা। কাল থ্যাকা জীবনের পোরথম লয়া ঘরাত ঘুমামো।’

আলেফা বেগমের (৬৫) বাড়ি বগুড়ার শিবগঞ্জ পৌরসভার অর্জুনপুর মহল্লায়। তিনি স্বামী পরিত্যক্তা। এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে মাদকাসক্ত। মাকে দেখেন না। আলেফার সহায়সম্বল বলতে আছে মাত্র দুই শতক জমি। কিন্তু সেখানে মাথা গোঁজার মতো কোনো ব্যবস্থা ছিল না। তাই এ-বাড়ি ও-বাড়ি গিয়ে মানুষের কাছে ধরনা দিয়ে রাতে ঘুমাতেন। চেয়েচিন্তে দুমুঠো খেতেন। দারিদ্র্যের বিরুদ্ধে তাঁর এ লড়াই মহল্লার কিছু যুবকের নজরে আসে। প্রাথমিকভাবে তাঁরা চেষ্টা করে ব্যর্থ হন। কিন্তু হাল ছেড়ে দেননি। সম্প্রতি তাঁরা দেখা করেন পৌর মেয়রের সঙ্গে। কিন্তু পৌরসভায় এই জন্য কোনো বরাদ্দ নেই। পরে সিদ্ধান্ত হয় মেয়র ব্যক্তিগতভাবে এই অসহায় মায়ের জন্য একটি টিনের ঘর করে দেবেন। বিশ্ব মা দিবস থেকেই আলেফা নতুন ঘরে ঘুমাবেন। সিদ্ধান্ত অনুযায়ী, গত দুই দিনেই ১৪ ফুট দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্থের টিনের ঘর নির্মাণ করা হয়েছে।

গতকাল শনিবার আলেফা বেগমের হাতে ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেন মেয়র তৌহিদুর রহমান। এ সময় কাউন্সিলর ফরিদ উদ্দিন, আবদুল মমিন মণ্ডল, ছাইফুল ইসলামসহ গ্রামের অনেকেই উপস্থিত ছিলেন। মেয়র আলেফার জন্য দ্রুত বয়স্ক ভাতার ব্যবস্থা করবেন বলেও ঘোষণা দেন।

একই মহল্লার বাচ্চু মিয়া ও জাহিদুল ইসলাম বলেন, স্বামী পরিত্যক্তা আলেফা বেগম বড়ই অসহায়। তাঁকে দেখভাল করার কেউ নেই। তাঁর মাথা গোঁজার কোনো ঠাঁই ছিল না। বৃষ্টির সময় অনেক কষ্ট করে তিনি থেকেছেন। এখন থেকে আর সে কষ্ট তাঁকে করতে হবে না।

মেয়র তৌহিদুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পরই আমি সিদ্ধান্ত নিই বিশ্ব মা দিবসে এই অসহায় মাকে সহযোগিতা করাটাই হবে সবচেয়ে সুন্দর কাজ। তাই ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে দ্রুত তাঁকে ঘর করে দেওয়ার সিদ্ধান্ত হয়। তাঁকে ঘরটি বুঝিয়ে দেওয়া হয়েছে। যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করে কাল (আজ) রোববার বিশ্ব মা দিবস থেকেই তিনি নতুন ঘরে বসবাস করতে পারেন।’