বগুড়ার শেরপুরে জমে উঠেছে চামড়ার বাজার
বগুড়ার শেরপুরে জমে উঠেছে কোরবানির পশুর চামড়ার বাজার। এবার চামড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। স্থানীয় চামড়া ব্যবসায়ীদের দাবি, বগুড়া অঞ্চলে গরুর চামড়া উন্নতমানের। এ জন্য একটু বেশি দামে কিনলেও পরবর্তী সময়ে তাঁদের বিক্রিতে তেমন অসুবিধা হয় না।
আজ মঙ্গলবার দুপুর থেকে শহরের শান্তিনগর এলাকায় মহাসড়কের পাশে অস্থায়ী বাজারে পশুর চামড়া আসতে শুরু করে। বিকেল থেকে সেখানে পাশের উপজেলা থেকেও পশুর চামড়া আসে। স্থানীয় আটজন চামড়া ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, এই বাজারে শেরপুরসহ পার্শ্ববর্তী ধুনট, কাজীপুর, তাড়াশ, নন্দীগ্রাম, শাজাহানপুর এলাকার কোরবানির পশুর চামড়াও আসে। গত বছরের চেয়ে এবার চামড়ার আমদানি কিছুটা বেশি।
আজ মঙ্গলবার বাজারে গিয়ে দেখা যায়, গরুর চামড়া প্রতি বর্গফুট ৬০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। ছাগলের চামড়া ৩০-৪০ টাকা, ভেড়ার চামড়া ২০-৩০ টাকা ও মহিষের চামড়া ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
স্থানীয় চামড়া ব্যবসায়ী রবিন দাস জানান, গত বছরের চেয়ে এবার বাজারে কাঁচা চামড়ার সরবরাহ বেশি। আরেক ব্যবসায়ী নির্মল দাস বলেন, প্রতি বছর কোরবানির ঈদে বেলা ১১টা থেকেই স্থানীয় বাজারে চামড়া উঠতে শুরু করে। চলে দুই-তিন দিন ধরে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, চামড়ার বাজার ঘিরে পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, যেসব সড়ক দিয়ে পশুর চামড়া আসবে, সেসব সড়কে টহল পুলিশের ডিউটি চলছে।