বগুড়ার শেরপুরে পুলিশের অস্ত্র ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব সমাদ্দারের কাছ থেকে অস্ত্র ছিনতাই হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার তাঁকে শেরপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।সোমবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার সীমাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ চলাকালে দায়িত্ব পালনের সময় অস্ত্রটি ছিনতাই হয়।এসআই সঞ্জীব সমাদ্দার জানান, সন্ধ্যা ছয়টায় সীমাবাড়ী বাজারে অবরোধ চলাকালে একটি মাইক্রোবাসে অবরোধকারীরা হামলা চালালে তিনিসহ সঙ্গীয় ফোর্স তাতে বাধা দেন। এ সময় হামলাকারীদের কেউ তাঁর কোমরের বেল্টের সঙ্গে আটকানো কভারের মধ্যে থেকে আটটি গুলিসহ নাইন এমএম চায়না পিস্তল ছিনিয়ে নেয়। এসআই আবু জাররা বলেন, আগ্নেয়াস্ত্রটি উদ্ধারে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে। কিন্তু অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি।শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, গতকাল জেলা পুলিশ সুপারের (এসপি) নির্দেশে এসআই সঞ্জীব সমাদ্দারকে শেরপুর থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় গতকাল রাত ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আগ্নেয়াস্ত্রটি উদ্ধারে তাঁদের তৎপরতা অব্যাহত রয়েছে।