বগুড়ার সঙ্গে কর্মবিরতিতে কয়েকটি মেডিকেলের ইন্টার্নরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ১ নম্বর ফটকে ইন্টার্ন চিকিৎসেকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেন। ছবি: সোয়েল রানা
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ১ নম্বর ফটকে ইন্টার্ন চিকিৎসেকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেন। ছবি: সোয়েল রানা

চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার প্রতিবাদে এবং কর্মস্থলে সব চিকিৎসকের নিরাপত্তার দাবিতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এখনো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের আরও কয়েকটি সরকারি ও বেসরকারি মেডিকেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছেন।

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনের সঙ্গে অপ্রীতিকর ঘটনার জেরে গত বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চারজনের ইন্টার্নশিপ ছয় মাস স্থগিত এবং অন্যত্র বদলির নির্দেশ জারি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পর থেকেই ইন্টার্ন চিকিৎসকেরা কাজে বিরত রয়েছেন। আজ শনিবার তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কর্মবিরতি শুরু করেন।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ১ নম্বর ফটকে ইন্টার্ন চিকিৎসেকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেন। ছবি: সোয়েল রানা
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ১ নম্বর ফটকে ইন্টার্ন চিকিৎসেকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেন। ছবি: সোয়েল রানা

হাসপাতালের মূল ফটকে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী ইন্টার্ন চিকিৎসকেরা মানববন্ধন, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে তাঁদের মুখপাত্র ইন্টার্ন চিকিৎসক কুতুবউদ্দিন (ব্যবস্থা নেওয়া চারজনের একজন) বলেন, ইন্টার্ন চিকিৎসকদের ওপর স্থগিতাদেশ এবং বদলির নির্দেশ প্রত্যাহারসহ পূর্বঘোষিত সাত দফা দাবি দ্রুত মেনে নিতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলছে, চলবে।

এই সাত দফা দাবি হলো, সর্বস্তরের চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণ, ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছনাকারী রোগীর স্বজনদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, হাসপাতালে নিরাপত্তা বাড়ানো ও অতিরিক্ত আনসার মোতায়েন, হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে ন্যূনতম একজন উপপরিদর্শক নিয়োগ, দর্শনার্থীর প্রবেশ সীমিতকরণ এবং কোনো চিকিৎসক আক্রান্ত হলে হাসপাতাল-প্রশাসন কর্তৃক নিজ উদ্যোগে আইনি ব্যবস্থা গ্রহণ।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান তাঁর কার্যালয়ে হাসপাতালের সব বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রারকে নিয়ে জরুরি বৈঠক করেন। এই ধর্মঘটের কারণে চিকিৎসাসেবা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান রেজাউল আলম প্রথম আলোকে বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে জ্যেষ্ঠ চিকিৎসকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে, এখনো সেবায় কোনো প্রভাব পড়েনি।’

এছাড়া আজ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেছেন।

(প্রতিবেদন তৈরিতে প্রথম আলোর সংশ্লিষ্ট প্রতিনিধিরা তথ্য দিয়ে সহায়তা করেছেন।)