বগুড়ার সব চিকিৎসাকেন্দ্রে প্রতীকী ধর্মঘট
বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসককে মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার থেকে বগুড়া জেলার সব চিকিৎসাকেন্দ্রে দুই ঘণ্টা প্রতীকী কর্মবিরতি পালন করা হয়েছে।এদিকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে তাঁদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রেখেছেন।গত মঙ্গলবার রাতে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ তাঁর লোকজন স্বাস্থ্যকেন্দ্রে দুজন চিকিৎসককে মারধর করেন। এ ঘটনায় চিকিৎসক নাজমুস সাকিব বাদী হয়ে সোনাতলা থানায় ১০ জনের নামে মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখা সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা প্রতীকী কর্মবিরতি পালনের ডাক দেয়। সেই অনুযায়ী গতকাল সোমবার জেলার সব সরকারি হাসপাতালে এই কর্মবিরতি পালন করা হয়।