বগুড়ার সাবেক ডিসিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৯ লাখ টাকার সরকারি সম্পত্তি আত্মসাৎ এবং আর্থিক সুবিধা নিয়ে তাতে সহযোগিতা করার অভিযোগে বগুড়ার সাবেক জেলা প্রশাসকসহ (ডিসি) ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ফারুক আহমেদ গতকাল রোববার বগুড়া সদর থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন বগুড়ার সাবেক জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান (বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব), জেলার সাবেক ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মহসীন আলী (অবসরপ্রাপ্ত), শেরপুর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মাহবুবুর রহমান (বর্তমানে ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা), শেরপুরের মির্জাপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা আবদুস সাত্তার (বর্তমানে শেরপুর পৌরসভায় কর্মরত), একই কার্যালয়ের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা এ এস এম মোশারফ হোসেন এবং শেরপুর উপজেলার বাসিন্দা আবদুল গফুর।
শেরপুর উপজেলার সাগরপুর, কৃষ্ণপুর ও শেরুয়া মৌজার প্রায় ১৮ লাখ ৮৫ হাজার টাকার দেড় একর সরকারি সম্পত্তি তথ্য বিকৃতির মাধ্যমে আবদুল গফুরের নামে ২০১০ সালে রেজিস্ট্রি দলিল করে দেওয়া হয়।