বগুড়ার সেই অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুস ছাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিজ প্রতিষ্ঠানের এক ছাত্রীকে বিয়ে করা এবং শহরের একটি শপিং মল থেকে ব্যাগ চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো। একই সঙ্গে অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।কলেজের একাধিক সূত্র জানায়, সম্প্রতি অধ্যক্ষ আবদুস ছাত্তার তাঁর প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হয়ে গেলে তিনি নিবন্ধন ছাড়াই মেয়েটিকে বিয়ে করেন। বিয়ের পর মেয়েটির সঙ্গে অধ্যক্ষের বেশ কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায়।এরই মধ্যে ৫ আগস্ট অধ্যক্ষ তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়ের একটি বিপণিবিতানে কেনাকাটা করতে যান। এ সময় ওই বিপণিবিতানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীও তাঁর পরিবারের সঙ্গে কেনাকাটা করছিলেন। ওই ছাত্রী কেনাকাটার একপর্যায়ে তাঁর হাতব্যাগটি একটি টেবিলের ওপর রাখেন। অধ্যক্ষ আবদুস ছাত্তার কৌশলে ব্যাগটি নিয়ে তাঁর মেয়ের কাছে দেন। পরে ব্যাগ নিয়ে বেরিয়ে যান। ওই ছাত্রী কেনাকাটা শেষে ব্যাগের জন্য হইচই শুরু করলে দোকান কর্তৃপক্ষ সিসি ক্যামেরা চালিয়ে ব্যাগটি নেওয়ার চিত্র দেখতে পান। পরবর্তীকালে তাঁরা অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তিনি তা অস্বীকার করেন। বিষয়টি জানাজানি হলে বগুড়া শহরসহ পুলিশ প্রশাসনেও তোলপাড় শুরু হয়।সূত্র জানায়, পর পর দুটি ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে ১৯ আগস্ট কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরি সভা আহ্বান করা হয়। পরিচালনা পর্ষদের সভাপতি ও বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজামেঞ্চল হকের সভাপতিত্বে সভায় সার্বিক বিষয় পর্যালোচনা করে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। গঠন করা হয় তদন্ত কমিটি।নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষক বলেন, কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। পুলিশ প্রশাসন থেকে সঠিকভাবে তদন্ত হলে অনেক তথ্য বেরিয়ে আসবে।পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, তদন্তের স্বার্থেই অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। সেই সঙ্গে বিভাগীয় মামলাও হবে।অধ্যক্ষ আবদুস ছাত্তারের মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।