বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার সব হাসপাতালে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো চিকিৎসক ধর্মঘট পালন করা হয়েছে। ধর্মঘট অব্যাহত থাকায় জেলার বিপুলসংখ্যক রোগীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা।চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে গত সোমবার শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং মোহাম্মদ আলী হাসপাতালে কর্মবিরতি পালন করেন চিকিৎসকেরা। পরের দিন মঙ্গলবার থেকে জেলার সবগুলো হাসপাতালে চিকিৎসক ধর্মঘটের ডাক দেওয়া হয়।গতকাল সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, ধর্মঘটের বিষয়টি না জেনে দূর-দূরান্ত থেকে আসা কয়েক শ রোগী হাসপাতালের বহির্বিভাগে অপেক্ষা করছেন। পা ভেঙে যাওয়ায় ১২ বছরের ছেলেকে নিয়ে এসেছেন নন্দীগ্রামের তেঘর গ্রামের লিটন তালুকদার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ছেলেকে নিয়ে সকাল থেকে তিনি বসে রয়েছেন, কিন্তু চিকিৎসকের দেখা পাননি। অসুস্থ মেয়েকে নিয়ে আসা মা আসমা খাতুন বলেন, ‘মেয়েটাক লিয়ে তিন দিন ধরে হাসপাতালোত ঘুরিচ্চি। ডাক্তারের দেকা পাচ্চি না।’ শিবগঞ্জের চক ঝিনাহার থেকে আসা রোগী রেজিয়া পারভীন বলেন, ‘চ্যায়াচিন্তে ৫০ টেকা জোগাড় করে হাসপাতালত আসি শুনি হাসপাতালত বন্ধ।’শুধু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালই নয়, গতকাল মোহাম্মদ আলী হাসপাতালসহ সোনাতলা, নন্দীগ্রাম, গাবতলী ও কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও ছিল একই চিত্র। এদিকে গতকাল সকাল ১০টর দিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া শাখা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে চিকিৎসকেরা অভিযোগ করেন, ১২ অক্টোবর দুপুরে ছুরিকাঘাতে আহত হয়ে রায়হান আলী নামের এক তরুণ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর একদল সন্ত্রাসী কর্তব্যরত চিকিৎসক মাসুদ পারভেজ, অসীম কুমার সাহা, আবেদ বিল্লাহ, পুষ্পিতাসহ পাঁচজন চিকিৎসকের ওপর হামলা চালায় এবং হাসপাতালে ভাঙচুর করে। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি। তাই বাধ্য হয়ে জেলার সব হাসপাতাল ও চিকিৎসাসেবা-কেন্দ্রে কর্মবরতি ও ধর্মঘট পালন করছে বিএমএ। এর পরও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে ২০ অক্টোবর বিএমএর পরবর্তী সভা থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।বগুড়ার সিভিল সার্জন মো. খলিলুর রহমান বলেন, ‘চিকিৎসক ধর্মঘটের কারণে জেলাজুড়ে চিকিৎসাসেবা কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করা হবে।বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক বলেন, চিকিৎসকেরা হামলাকারীদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা ছাড়াই মামলা করেছেন। তার পরও পুলিশ দ্রুততার সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করেছে। অন্যরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেছেন।এ ব্যাপারে বিএমএ বগুড়া শাখার সাধারণ সম্পাদক রেজাউল আলম বলেন, হামলাকারীরা জামিন নিয়েছেন কি না, তা তাঁদের জানা নেই। তবে পুলিশ জামিনের কাগজপত্র দেখাতে পারলে বিএমএ জরুরি সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেবে।