বগুড়ার ৫০ স্থানে মাদক বিক্রি
বগুড়া শহর ও শহরতলির অর্ধশতাধিক স্থানে চলছে মাদক ব্যবসা। নারী মাদকবিক্রেতাদের সামনে রেখে আড়াল থেকে এ ব্যবসা নিয়ন্ত্রণ করছেন প্রভাবশালী ব্যক্তিরা। এসব স্থানে মাদকসেবীরা হাত বাড়ালেই পেয়ে যায় ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, চোলাই মদসহ নানা ধরনের মাদক।র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার সুমিত চৌধুরী শহরের ৩০টি স্থানে অবৈধ মাদক ব্যবসা চলার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘বগুড়া শহরে বর্তমানে মাদকের রমরমা অবস্থা। যা চাইবেন, তা-ই পাবেন এখানে। খুচরা বিক্রেতাদের বেশির ভাগই নারী। আড়াল থেকে মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন গডফাদাররা। আর ক্রেতাদের বেশির ভাগই উঠতি বয়সী শিক্ষার্থী ও তরুণ। নিত্যনতুন কৌশলে সীমান্তের ওপার থেকে বগুড়ায় মাদক আনছেন শহরের মাদক ব্যবসায়ীরা। র্যাব মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।’প্রথম আলোর অনুসন্ধানে শহরের অর্ধশতাধিক স্থানে মাদকদ্রব্য বিক্রির তথ্য মিলেছে। র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় শহরের বাদুড়তলা, চকসূত্রাপুরের হাড্ডিপট্টি ও সেউজগাড়ি রেলওয়ে কলোনির অবস্থা ভয়াবহ। এ ছাড়া রয়েছে গন্ডগ্রাম, চকসূত্রাপুর চামড়াপট্টি, চকফরিদ, শাপলা মার্কেট, কৈগাড়ি, চেলেপাড়াসহ বেশকিছু মাদকের আস্তানার নাম।বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজামেঞ্চল হক শহরে মাদক ব্যবসার কথা স্বীকার করে জানান, সীমান্তের ওপার থেকে বগুড়ায় ফেনসিডিল আসছে চারটি পথে। হিলি, পাঁচবিবি, ধামইরহাট ও নওগাঁ সীমান্তের ওপার থেকে চোরাচালানিরা হিলি-গোবিন্দগঞ্জ-বগুড়া, হিলি-কালাই-বগুড়া, হিলি বা ধামইরহাট-মোলামগাড়ি-বগুড়া ও নওগাঁ-বগুড়াপথে ফেনসিডিল নিয়ে আসছে। এসব ফেনসিডিলের কিছু বিক্রি হচ্ছে বগুড়ায়। বাকিগুলো বগুড়া হয়ে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।এসপি জানান, পুলিশের তালিকায় বগুড়া শহরে মাদক কেনাবেচা ও সেবনের বেশকিছু চিহ্নিত স্থান রয়েছে। এর মধ্যে বাদুড়তলা, হাড্ডিপট্টি, স্টেডিয়ামসংলগ্ন এলাকা, কৈগাড়ি, রেলওয়ে কলোনি, বাসস্ট্যান্ড, উপশহর, চেলোপাড়াসহ বেশকিছু স্থান পুলিশের নজরদারিতে রয়েছে। তিনি দাবি করেন, পুলিশি অভিযানে মাদকবিক্রেতা ও মাদকসেবীরা বর্তমানে কোণঠাসা।পুলিশ জানায়, গত এক মাসে পুলিশ অভিযান চালিয়ে তিন হাজার ৪০০ বোতল ফেনসিডিল, ৩০ কেজি গাঁজা, ২৮০টি ইয়াবা, এক হাজার ৬৬৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ১১৭টি বিয়ার আটক করেছে। আটক ৮৪৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মানজুরুল ইসলাম প্রথম আলোকে জানান, বগুড়া শহরে মাদক-পরিস্থিতি খুবই খারাপ। সীমিত জনবল দিয়ে অধিদপ্তর শহরকে মাদকমুক্ত করতে পারছে না।র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শহরে মাদকসেবীদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অল্পবয়সী তরুণের সংখ্যাই বেশি। নাম প্রকাশ না করার শর্তে শহরের একাধিক মাদকসেবী জানান, দুই মাস আগেও মাদকের আস্তানাগুলোয় এক বোতল ফেনসিডিল বিক্রি হয়েছে আড়াই শ থেকে ৩০০ টাকায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ পুলিশ কড়াকড়ি আরোপ করায় এখন এক বোতল ফেনসিডিল ৫০০ টাকার কমে পাওয়া যাচ্ছে না।বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান বলেন, ‘শহরে মাদক-পরিস্থিতি খুব খারাপ বলে আমিও শুনি। শহরকে মাদকমুক্ত করতে প্রতি মাসে আইনশৃঙ্খলা কমিটির সভায় পৌরসভার পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করা হয়।’