বগুড়ায় অটোরিকশাচাপায় শিশু সুরাইয়ার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশু সুরাইয়া তাসনিমের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীরা। তারা অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানায়। সাতমাথা, বগুড়া। ২৫ এপ্রিল। ছবি: প্রথম আলো
ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশু সুরাইয়া তাসনিমের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীরা। তারা অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানায়। সাতমাথা, বগুড়া। ২৫ এপ্রিল। ছবি: প্রথম আলো

ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশু সুরাইয়া তাসনীম ওরফে প্রাপ্তির মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বগুড়ার সাতমাথা এলাকায় আজ বুধবার বেলা ১১টায় এ মানববন্ধনের আয়োজন করে ইউনিক পাবলিক স্কুল। নিহত সুরাইয়া এই স্কুলের প্রভাতি শাখার ছাত্রী ছিল।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিক পাবলিক স্কুলের চেয়ারম্যান মো. তনছের আলী প্রাং। বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু নুর মোহাম্মদ আনিছুল ইসলাম চৌধুরী, বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও বগুড়া ইয়াকুবিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, বগুড়া থিয়েটার, বাউল একাডেমিসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মানববন্ধনে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯ এপ্রিল স্কুল ছুটির পর ব্যাটারিচালিত অটোরিকশায় মায়ের সঙ্গে শহরের তিনমাথা হাজির মিল এলাকায় নিজ বাড়িতে ফিরছিল সুরাইয়া। পথে স্টেশন সড়কের কামারগাড়ি রেলঘুমটির কাছে আরেকটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সেটির সংঘর্ষ হয়। দুটি ব্যাটারি চালিত অটোরিকশা পরস্পরকে ওভারটেক করে তিনমাথার দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় শিশু সুরাইয়া মায়ের কোল থেকে ছিটকে পড়ে এবং রিকশার চাকার লোহার গোল এক্সেল তার মাথার পেছনে ঢুকে যায়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়।

মানববন্ধনে সুরাইয়ার বাবা ইব্রাহিম হোসেন বলেন, ‘আর কোনো বাবাকে যেন এমন সংবাদ শুনতে না হয়। এমন দুর্ঘটনায় সন্তান হারানোর বেদনা খুব কঠিন। আর কোনো বাবাকে যেন এমন হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি পড়তে না হয়। এসব বিষয়ে নজর দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।’

মানববন্ধনে বক্তারা বলেন, অটোরিকশাগুলো দিন দিন খুব ভয়ংকর হয়ে উঠছে শহরে। অনেক সময় এই রিকশাগুলো মোটরসাইকেলের সঙ্গে পাল্লা দিয়ে চলে। ফলে দুর্ঘটনা ঘটে। এরা ট্রাফিক আইন মানে না। এখনই এদের নিয়ন্ত্রণ করা না গেলে এরা আরও ভয়ংকর হয়ে উঠবে। অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানান বক্তারা।