বগুড়ায় অটোরিকশার নিবন্ধন না পেয়ে ডিসির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভাপতি জেলা প্রশাসক (ডিসি) ইফতেখারুল ইসলাম খান ও সদস্যসচিব বগুড়া সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক গিয়াসউদ্দিনসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আবেদনের ক্রমানুসারে সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন না পেয়ে গত বুধবার দুই ব্যক্তি এ মামলা করেন।মামলায় বগুড়ার পৌর মেয়র এ কে এম মাহবুবুর রহমান, ট্রাফিক পরিদর্শক (সদর) বেলায়েত উদ্দিন, আঞ্চলিক পরিবহন কমিটির সদস্য আক্তারুজ্জামান, প্রদীপ কুমার রায়, কবির আহমেদ ও রুহুল আমিনকেও বিবাদী করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, জেলার শাজাহানপুর উপজেলার শালিকা গ্রামের জাহাঙ্গীর আলম ও সদর উপজেলার পালশা গ্রামের আবু সাঈদ বগুড়ার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন।মামলার আরজিতে বলা হয়, বাদীরা জমি ও বাড়ির আসবাবপত্র বিক্রি করে দুটি সিএনজিচালিত অটোরিকশা কেনেন। গত ৫ নভেম্বর নিবন্ধনের জন্য তাঁরা বগুড়া জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে নিবন্ধন ফি, ট্যাক্স টোকেন ফি, ফিটনেস ও রুট পারমিট ফি জমা দেওয়া হয়। কিন্তু আবেদন করার তিন মাসের বেশি সময় পার হলেও তাঁদের অটোরিকশা নিবন্ধন করা হয়নি। অথচ জেলার শেরপুর টাউন কলোনির হাতেম আলী, গাবতলীর চককাতুলীর মাজেদা বেগম ও সদরের কইপাড়ার উপেন চন্দ্র ঘোষ গত ২ ফেব্রুয়ারি নিবন্ধন ফি জমা দেওয়ার পরদিনই নিবন্ধন পেয়ে যান।