বগুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে নৈরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর পর বগুড়া শহরে ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। সিএনজির দাম বাড়ায় চালকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন যাত্রীদের কাছ থেকে। কোনো রুটে দ্বিগুণ, আবার কোথাও দেড় গুণ ভাড়া বাড়ানো হয়েছে সিএনজিচালিত অটোরিকশাগুলোতে। খোঁজ নিয়ে জানা গেছে, মালিক সমিতি থেকে এখন পর্যন্ত ভাড়া নির্ধারণ না করায় যে যাঁর মতো ভাড়া আদায় করছেন। সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে যাওয়ায় পাল্লা দিয়ে ভাড়া বাড়িয়েছেন শহরে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। বগুড়া থেকে মহাস্থান যাতায়াত করেন সরকারি চাকরিজীবী তছলিম উদ্দিন। তিনি বলেন, সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। সে জন্য সিএনজিচালিত অটোরিকশার ভাড়া এক লাফে দ্বিগুণ হওয়ার কথা নয়। ভাড়া আগে ছিল ১০ টাকা, এখন নেওয়া হচ্ছে ১৫ টাকা। অথচ ভাড়া বাড়লেও দুই টাকার বেশি হওয়ার কথা নয়। মহাস্থানের তরকারি ব্যবসায়ী লোকমান আলা বলেন, অটোরিকশার চালকেরা এমনিতে আগে থেকে বেশি ভাড়া আদায় করতেন। এখন আরও বেশি নিচ্ছেন। অটোরিকশাচালক জুয়েল মিয়া বলেন, তাঁরা জোর করে বাড়তি ভাড়া আদায় করছেন না। গ্যাসের দাম বেড়ে যাওয়ায় যাত্রীদের কাছ থেকে দু-এক টাকা আবদার করে নিচ্ছেন। তবে পূর্ব বগুড়া সিএনজিচালিত অটোটেম্পো মালিক সমিতির সভাপতি আনন্দ কুমার দাস জানান, সমিতির পক্ষ থেকে ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে বগুড়া জেলা সিএনজিচালিত অটোটেম্পো মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মালিক সমিতি ভাড়া নির্ধারণ করে দিয়েছে। যাত্রীদের সঙ্গে যেন ঝগড়াবিবাদ না হয়, সে জন্য প্রতিটি রুটে চলাচলকারী গাড়িগুলোতে পথের দূরত্ব এবং নির্ধারিত ভাড়া উল্লেখ করা হয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধির অজুহাতে সিএনজিচালিত অটোটেম্পোর ভাড়া বাড়ানো হলেও ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা ভাড়া বাড়ানোর কারণ হিসেবে জানান, তাঁদের ব্যাটারি চার্জ দিতে আগে নেওয়া হতো ৭০ টাকা, সেখানে এখন নেওয়া হয় ১২০ টাকা। এ কারণে তাঁরা দু-এক টাকা ভাড়া বাড়িয়েছেন।