বগুড়ায় অতিরিক্ত মজুদ চালের দাম বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তিবদ্ধ চালকল মালিকদের (মিলার) কেজিপ্রতি তিন টাকা করে ‘ইনটেনসিভ’ (বোনাস) দেওয়া হবে—সরকারের এই ঘোষণার পর থেকে বগুড়ার হাটবাজারগুলোতে ধান-চালের দাম বেড়েই চলেছে। চালকল মালিকেরা বাজারে ধান-চালের দাম বাড়ার জন্য মোটা চাল উৎপাদন কম, কিছু মিলারদের মজুদদারি ও বোনাস দেওয়ার প্রকাশ্য ঘোষণাকে দায়ী করছেন। সরকারের খাদ্য বিভাগ বলেছে, মিলাররা বিপুল পরিমাণ ধান মজুদ করে রাখায় বাজারে চালের দাম বেড়েছে। সরেজমিনে বগুড়ার দুপচাঁচিয়া, আদমদীঘি, সান্তাহার, কাহালু, শেরপুর ও নন্দীগ্রামের বিভিন্ন ধান-চালের মোকাম ঘুরে দেখা গেছে, বর্তমানে ৩০ টাকা কেজির কমে কোনো চাল বিক্রি হচ্ছে না। ধানের দামও বেশি। প্রতি মণ ধান ৭০০ থেকে ৭২০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা দুই সপ্তাহ আগেও এর চেয়ে ৫০-৬০ টাকা কমে বিক্রি হয়েছে। ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে চাল (মোটা ও চিকন) বিক্রি হচ্ছে। হাটে ধান-চালের ছোট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহ আগেও তাঁরা ২৬-২৭ টাকা কেজি দরে চাল বিক্রি করেছেন। সরকার মিলারদের জন্য চালের দাম কেজিপ্রতি তিন টাকা বাড়িয়ে দেওয়ার পর থেকে বাজারে দাম আরও বাড়তে পারে এমন আশায় মিলাররা জেলায় বিপুল পরিমাণ চাল মজুদ করে রেখেছেন। এ কারণে সরবরাহ কম থাকায় বাজারে চালের দাম বেড়ে গেছে।জেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম বলেন, সরকার পত্রিকায় মিলারদের কেজিপ্রতি তিন টাকা করে ইনটেনসিভ দেবে বলে ঘোষণা দেওয়ার পর কিছু মিলার ধান-চাল কেনার জন্য হাটবাজারে হুমড়ি খেয়ে পড়েছেন। এ কারণে অনেকে হাট থেকে পর্যাপ্ত ধান সংগ্রহ করতে পারছেন না। মিলাররা বিপুল পরিমাণ ধান চাল মজুদ করেছেন—এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কারও কারও মজুদ থাকলেও কেউ অতিরিক্ত মজুদ করেননি।খাদ্য বিভাগের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ৩০ আগস্ট পর্যন্ত জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা চার হাজার ৬০০ টন এবং চাল ৮৮ হাজার টন। গত ৩১ জুলাই পর্যন্ত চাল সংগ্রহ হয়েছে ৬৩ হাজার ২০০ টন ও ধান এক হাজার ৫০০ টন। সরকার এ বছর প্রতিকেজি ধানের দাম ১৭ টাকা ও চাল ২৫ টাকা নির্ধারণ করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়ায় চালকল আছে এক হাজার ৫০০। নিয়ম অনুযায়ী এসব মিলার সরকারকে চাল দিতে বাধ্য। চলতি মৌসুমে এক হাজার ২৮০ জন মিলার চাল দেওয়ার জন্য জেলা খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। যে ২২০ জন সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হননি তাঁদের ১৫ আগস্টের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন জানান, চালকলগুলোতে বিপুল পরিমাণ ধান মজুদের কারণে বাজারে চালের দাম বেড়ে গেছে।