বগুড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বগুড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা গতকাল মঙ্গলবার এই রায় দেন।মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামির নাম বিপুল চন্দ্র রায় (৩০)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার ভীমজানি গ্রামের বিশ্বম্বর রায়ের ছেলে। মামলার অপর দুই আসামি সুধন ও উল্লাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের মুক্তি দেন আদালত।আদালত সূত্রে জানা গেছে, ২০০০ সালে বিপুল চন্দ্র রায়ের সঙ্গে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাইকাড় গ্রামের খগেন্দ্রনাথ সরকারের মেয়ে স্বপ্না রানী সরকারের বিয়ে হয়। বিয়ের পরে স্বপ্না সাত মাসের অন্তঃসত্ত্বা হলে সন্তানের পিতৃত্ব নিয়ে বিপুলের সন্দেহ হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে বিপুল তাঁর স্ত্রীকে গর্ভের সন্তান নষ্ট করতে বলেন। স্ত্রী স্বপ্না রাজি না হওয়ায় তাঁকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতেন বিপুল। ২০০১ সালের ৩১ জুলাই রাতে বাড়ির পাশে পাটখেতে নিয়ে স্বপ্নাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। এ ঘটনার পরদিন নিহত স্বপ্নার ভাই প্রাণেশ চন্দ্র সরকার শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোজাফ্ফর হোসেন ২০০২ সালের ২৪ জুন বিপুল ও তাঁর দুই বন্ধু সুধন ও উল্লাসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।