বগুড়ায় অপহরণের আট ঘণ্টা পর উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার বেসরকারি একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে বৈদ্যুতিক মালামাল সরবরাহ করতে এসে দিনদুপুরে অপহরণের শিকার হয়েছেন হোসাফ মিটার কোম্পানি লিমিটেডের আলাউদ্দিন আলী নামের এক কর্মচারী।
অপহরণকারীরা তাঁকে জিমিঞ্চ করে মুক্তিপণ দাবি করে। টাকা দেওয়ার ফাঁদ পেতে পুলিশ আট ঘণ্টা পর অপহরণকারী দলের দুই সদস্যকে গ্রেপ্তার এবং আলাউদ্দিনকে (২৪) উদ্ধার করেছে।
আলাউদ্দিন পুলিশকে জানান, গতকাল শুক্রবার ভোরে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। তিনি ফেনীর পরশুরাম উপজেলার জি এম শাহেদনগর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ওই বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ব্যবস্থাপক আমিরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সদর থানার ওসি আবু হায়দার মো. ফয়জুর রহমান জানান, হোসাফ কোম্পানির ওই কর্মচারী বৈদ্যুতিক মালামাল নিয়ে বগুড়ার ২৪ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের উদ্দেশে বৃহস্পতিবার রাতে বাসে করে রওনা হন। ভোরে শহরের ঠনঠনিয়া কোচ টার্মিনালে বাস থেকে নামার পর অপহরণকারীরা তাঁর পিছু নেয়। একপর্যায়ে রিকশায় ওঠার পর অস্ত্রের মুখে তাঁকে অপহরণ করে খান্দার এলাকায় একটি আস্তানায় আটকে রাখে। পরে তাঁকে জিমিঞ্চ করে অপহরণকারীরা পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপক আমিরুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
ব্যবস্থাপক বিষয়টি পুলিশকে জানান। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুঠোফোনে ফাঁদ পেতে সাদা পোশাকের একদল পুলিশ মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে দুপুরের দিকে কৌশলে অপহরণকারীদের কানুচগাড়ি এলাকায় ডেকে নেন। এরপর আজিজুল ইসলাম ও ওলিউল ইসলাম ওরফে কাজল খানকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যে আলাউদ্দিনকে উদ্ধার করা হয়।