বগুড়ায় অপহূত ব্যবসায়ী উদ্ধার, আটক ৩
বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে গত সোমবার অপহরণ করা এক ব্যবসায়ীকে বুধবার রাতে উদ্ধার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা একই এলাকা থেকে তাঁকে উদ্ধার করে। এ সময় অপহরণের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীর নাম আতিকুর রহমান (৩৮)। তিনি চাঁদপুরের শাহারাস্তি উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, বগুড়া শহরের নারুলী দক্ষিণপাড়ার শেখ জয়নুল হোসেন (২৮), মো. মামুন (২৬) এবং গাবতলী উপজেলার শালুকগাড়ি গ্রামের ইসফাকুর রহমান (৩০)। র্যাব-১২ বগুড়ার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল জলিলের নেতৃত্বে র্যাব সদস্যরা শহরের জলেশ্বরীতলা এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের দোকানের সামনে থেকে ওই তিন যুবককে আটক করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী আটক হওয়া যুবক জয়নুল হোসেনের বাসা থেকে আতিকুর রহমানকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আটক তিন যুবককে সদর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আতিকুর রহমানের চাচা শরীফুল্লাহ মীর সদর থানায় মামলা করেছেন।