বগুড়ায় অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়েই চলেছে!
বগুড়ায় অবৈধ অস্ত্রের ব্যবহার দিন দিন বাড়ছে। সম্প্রতি বগুড়ায় যেসব হত্যার ঘটনা ঘটেছে তার বেশির ভাগ ক্ষেত্রে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে। এসব ঘটনায় পুলিশ প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে।খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে আসা এসব অবৈধ আগ্নেয়াস্ত্র হাত ঘুরে সহজেই পৌঁছে যাচ্ছে উঠতি বয়সী সন্ত্রাসীদের হাতে। এসব অস্ত্র এক দিকে যেমন মানুষ খুনের কাজে ব্যবহূত হচ্ছে, তেমনি আতঙ্ক সৃষ্টির জন্যও সন্ত্রাসীদের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। শুধু শহরেই নয়, এখন গ্রাম পর্যায়েও আগ্নেয়াস্ত্রের ব্যবহার হচ্ছে। তবে বগুড়ায় সন্ত্রাসীদের হাতে কী পরিমাণ আগ্নেয়াস্ত্র আছে, তার সঠিক হিসাব সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নেই। চলতি বছর র্যাব-পুলিশ পৃথক অভিযানে ১০টি আগ্নেয়াস্ত্র, ২৫টি গুলিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।গত বৃহস্পতিবার বগুড়া সদরের কর্ণপুর গ্রামে বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা রিভলবার দিয়ে গুলি করে হত্যা করে মোহাম্মদ আলী নামের এক বালু ব্যবসায়ীকে। এর দুই দিন আগে গাবতলীর নাড়ুয়ামালা হাটে ছাত্রলীগের এক কর্মীকে গুলি করে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ছাড়া সম্প্রতি বগুড়া সদরের রাজাপুর গ্রামে বখাটে এক দেবরের গুলিতে খুন হন ভাবি। পুলিশ খুনিকে গ্রেপ্তার ও তার ব্যবহূত অবৈধ রিভলবারটি উদ্ধার করে। এর আগে গত বছরের ৫ জুন শহরের শিববাটি এলাকায় সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের সাবেক নেতা সাখাওয়াত হোসেনকে। ওই খুনে ব্যবহূত ভারতে তৈরি রিভলবারটিও পুলিশ উদ্ধার করেছে। ওই রিভলবারটি হিলি সীমান্ত এলাকা থেকে কেনা হয়েছিল বলে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত জুয়েল হত্যা মামলার আসামি রিপন স্বীকারোক্তি দিয়েছিল। একই বছরের ১৯ সেপ্টেম্বর রাতে শহরের নারুলীতে গুলি করে হত্যা করা হয় শ্রমিক লীগের নেতা নাসিম ও রঞ্জুকে। এই খুনের কাজে ব্যবহূত আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করতে না পারলেও নিহত নাসিমের বিছানার নিচ থেকে উদ্ধার করে ভারতের তৈরি একটি অবৈধ রিভলবার। বগুড়া শহরে যুবলীগের নেতা রিপনকেও খুন করা হয় একই কায়দায় গত বছরের ১২ আগস্ট। এ ছাড়া চলতি বছরের ২৫ জুন শহরের শীর্ষ সন্ত্রাসী শাহিনকে ছুরিকাঘাতে খুন করা হলেও খুনিরা আগ্নেয়াস্ত্র দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পালিয়ে যায়। ধুনট উপজেলার দাসপাড়ায় যুবলীগের নেতা তপন দাসকেও গুলি করে হত্যা করে বছর দেড়েক আগে। একই সময়ের মধ্যে শিবগঞ্জ থানার উথলি নামক স্থান থেকে পুলিশ গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে। আজ পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) আরিফুর রহমান মণ্ডল জানান, বগুড়ায় যে কয়টি হত্যাকাণ্ডে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, তার অধিকাংশ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে।