বগুড়ায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জোরালো দাবি উঠেছে। গতকাল শনিবার বগুড়া সদরের নওদাপাড়া করতোয়া নদীর ঘাটে জনতার এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।স্বেচ্ছাসেবী সংস্থা পরিবেশ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংগঠন টিএমএসএসের সহযোগিতায় আয়োজিত এ সমাবেশে প্রশাসন, জনপ্রতিনিধি, বালু ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিল।সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ। সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, দৈনিক করতোয়ার সহকারী সম্পাদক যাহেদুর রহমান, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক খায়রুল ইসলাম, সমাজসেবী মাহবুবুল আলম, জেলা তথ্য কর্মকর্তা মঞ্জুরে মাওলা প্রমুখ।বক্তারা বলেন, একশ্রেণীর অবৈধ ব্যবসায়ী সরকারের নির্দিষ্ট বালুমহাল থাকা সত্ত্বেও বগুড়া সদরের নওদাপাড়া, মহিষবাথান, ঠেঙ্গামারা, বালাপাড়া, শাখারিয়া এলাকায় করতোয়া নদী ও নদীর তীরসংলগ্ন জমিতে ৫০-৬০টি শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। এতে পরিবেশের ওপর যেমন প্রভাব পড়ছে, তেমনি কৃষক হারাচ্ছেন কৃষিজমি। এলাকাবাসী বারবার অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অনুরোধ করলেও তাঁরা তা মানছেন না। প্রভাবশালী মহলের ইন্ধনে তাঁরা শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। এর ফলে নদীসংলগ্ন আবাদি জমি দেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এভাবে চলতে থাকলে পুরো এলাকা করতোয়া নদীর সঙ্গে মিশে যাবে।জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনিকভাবে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।