বগুড়ায় অর্ধকোটি টাকার তোরণ
লালমনিরহাটে যাওয়ার পথে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার রাতে বগুড়া সার্কিট হাউসে অবস্থান করবেন। বগুড়ায় দলীয় কোনো কর্মসূচি না থাকলেও তাঁকে স্বাগত জানিয়ে ৩৫০টি তোরণ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। তবে শুধু তোরণ নির্মাণের পেছনে খরচ হচ্ছে প্রায় অর্ধকোটি টাকা।খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার বগুড়ার চান্দাইকোনা থেকে রহবল পর্যন্ত রাস্তায় ৩৫০টি তোরণ নির্মাণ শুরু হয়েছে। এর মধ্যে চান্দাইকোনা থেকে বনানী পর্যন্ত ১০০, বনানী থেকে শহরের সার্কিট হাউস পর্যন্ত ৫০ ও শহরের সাতমাথা থেকে রহবল পর্যন্ত ২০০ তোরণ নির্মাণ করা হয়েছে বলে দাবি করেছেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম।বগুড়া শহরের ১৫টি তোরণ নির্মাণকারী মনির ডেকোরেটরের স্বত্বাধিকারী মনির হেসেন জানান, প্রতিটি ৬০ ফুটের তোরণ নির্মাণের জন্য সাত হাজার টাকা করে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন তাঁরা। এ ছাড়া তোরণের দুই পাশে দলীয় নেতা-কর্মীরা ভিন্নভাবে ব্যানার লাগাচ্ছেন। তোরণের দুই পাশের প্যানার তৈরিতে খরচ প্রায় আট হাজার টাকা। এ বিষয়ে মাশরেকি কম্পিউটার অ্যান্ড প্রিন্টার্সের স্বত্বাধিকারী সাহিদুল রহমান জানান, ৬০ ফুটের একেকটি প্যানা তৈরিতে সাড়ে চার হাজার টাকা খরচ হয়। ৬০ ফুটের একটি তোরণের দুপাশে প্যানার বানাতে প্রায় নয় হাজার টাকা খরচ হবে। সব মিলিয়ে প্রতিটি তোরণের পেছনে খরচ প্রায় ১৫ হাজার টাকা। বগুড়ায় বেগম খালেদা জিয়ার এক রাত যাপন উপলক্ষে শুধু সাড়ে তিন শ তোরণের পেছনে খরচ হচ্ছে প্রায় অর্ধকোটি টাকা। জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, ‘আমি তৃণমূল নেতাদের তোরণ তৈরির ব্যাপারে দিকনির্দেশনা দিয়েছি, সে মোতাবেক তাঁরা কাজ করছেন।’ তোরণ নির্মাণের খরচের বিষয়ে তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দলকে ভালোবেসে নেত্রীকে অভিবাদন জানানোর জন্য এসব তোরণ নির্মাণ করেছেন।