বগুড়ায় অর্ধদিবস হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আজ রোববার অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি। বুধবার নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় দলীয় নেতা-কর্মী হতাহতের প্রতিবাদে আজ সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিরোধী দলের ডাকা এটিই প্রথম হরতাল।রাজশাহীতে বুধবার বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে নাটোরের সিংড়ায় বিএনপির গাড়িবহরে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা চালায়। এতে জাকির হোসেন নামে একজন নিহত ও অর্ধশত আহত হন। জাকির বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। দলীয় নেতা-কর্মী হতাহতের ঘটনার প্রতিবাদে বুধবার রাতেই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। ওই কর্মসূচির অংশ হিসেবে আজ বগুড়া জেলায় হরতাল পালন করবে বিএনপি। দলীয় নেতারা জানিয়েছেন, হরতাল সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গত দুদিন ধরে জেলার প্রতিটি উপজেলায় হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল জেলা ছাত্রদল ও যুবদল ছাড়াও দলীয় নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করেছেন।