বগুড়ায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার তিনটি ইউনিয়নের ৩৩টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত শনিবার রাতে চন্দনবাইশার উজানে বিকল্প বাঁধ (রিং বাঁধ) ভেঙে যমুনার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনা। অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চন্দনবাইশার সঙ্গে বগুড়া ও সারিয়াকান্দির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।পানির তোড়ে গত রোববার রাতে চন্দনবাইশা সড়কের ঘুঘুমারির কাছে সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় সারিয়াকান্দির সঙ্গে চন্দনবাইশার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কুতুবপুর থেকে চন্দনবাইশা পর্যন্ত রাস্তার দুই ধারে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে।চর চন্দনবাইশা, ঘুঘুমারি শেখ পাড়া, প্রামানিক পাড়া, আকন্দপাড়া, উত্তরপাড়া, কামালপুর ইউনিয়নের কাসাহার, হাওড়াখালি, বিবিরপাড়া, পাইকরতলী, বুড়ইল, ইছামারা, দড়িপাড়া, গোদাখালি, রোহদহ, কামালপুর এবং কুতুবপুর ইউনিয়নের কর্নিবাড়ি, ধলিকান্দি, শোলারতাইর, বড়ইকান্দি, কাজলা, বড় কুতুবপুর গ্রাম ঘুরে দেখা গেছে, অধিকাংশ মানুষের ঘরে পানি ঢুকেছে। হাঁটুপানি থেকে কোমরপানি ভেঙে লোকজন ঘর থেকে বের হচ্ছে। কেউ কেউ ঘরের ভেতরে চকি উঁচু করে ছেলেমেয়ে নিয়ে কোনো রকমে সেখানেই আশ্রয় নিয়েছে। কেউ কেউ বাড়ির পাশে সড়কে আশ্রয় নিয়েছে।ঘুঘুমারি গ্রামের গৃহবধূ জমেলা বেগম বলেন, ‘খাওয়ার চেয়ে এখন থাকার সমস্যা বেশি। ঘরের মধ্যে পানিত কতক্ষণ থাকা যায়।’ শোলারতাইর গ্রামের মফিজ মিয়া বলেন, ‘অনেক কষ্টে এবার ধান লাগাছিলাম বাবা। সব শেষ হয়া গেল। খালি ধান লয়, জমিত কোনো ফসল এবার থাকল না।’ চন্দনবাইশা সড়কের ওপর ঘর করছিলেন বাদাম বিক্রেতা মনিচন্দ্র দাস। তিনি বলেন, ‘একবার বাড়িঘর ভাঙনে খাইছে, এবার বানে খাইছে। হামরা যামু কোনে।’ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়ে গতকাল সোমবার ঢাকা থেকে চন্দনবাইশায় এসেছেন বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান। তিনি সকাল ১০টায় বন্যাকবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। এরপর চন্দনবাইশা বিএন উচ্চবিদ্যালয়ে এলাকার লোকজন নিয়ে বৈঠক করেন। তিনি জানান, তিনটি ইউনিয়নের অর্ধলক্ষাধিক পানিবন্দী মানুষকে সাহায্য দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলার কামালপুর ইউপির চেয়ারম্যান মোখলেছার রহমান, কুতুবপুর ইউপির চেয়ারম্যান গাজীউর রহমান জানান, তাঁদের দুই ইউনিয়নের অধিকাংশ গ্রাম তলিয়ে গেছে।উপজেলা কৃষি কর্মকর্তা সরদার সালাউদ্দিন জানান, প্রায় ছয় হাজার হেক্টর আমন ধানসহ সাত হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।