বগুড়ায় অসহায় সেই কৃষক এখনো জমির দখল পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় অসহায় কৃষক এলাহী বকশের জমির দখল হস্তান্তর কার্যক্রম স্থগিত করে আগের অবস্থায় রাখার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। এটা ছিল গত ২২ জুনের নির্দেশ। এরপর দেড় মাসেরও বেশি সময় পার হয়েছে, কিন্তু প্রশাসনের ওই নির্দেশ বাস্তবায়িত হয়নি। জমিটি এখনো জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের দখলে রয়েছে।বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আবুল কালাম আজাদ নদীভাঙা কৃষক এলাহী বকশের জমিটি দখলে নিতে নানা অপচেষ্টা চালান বলে অভিযোগ পাওয়া যায়। পরে তিনি বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় তাঁর নর্দান হিমাগারের জায়গা সম্প্রসারণের জন্য প্রকল্প তৈরি করে এলাহী বকশের জমি সরকারিভাবে হুকুমদখল করে দিতে জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। একপর্যায়ে জেলা প্রশাসন জমিটি অধিগ্রহণের অনুমতি পায়। কৃষক তাঁর একমাত্র সম্বল ৫২ শতক ধানি জমি অধিগ্রহণের বিরুদ্ধে বগুড়ার সাবজজ আদালতে মামলা করেন। মামলায় তিনি হেরে যান। পরে তিনি জেলা জজ আদালতে আপিল করেন। আদালত তাঁর পক্ষে রায় দেন। এরপর আওয়ামী লীগের ওই নেতা উচ্চ আদালতে আপিল করেন। উচ্চ আদালতে আপিলটি এখনো নিষ্পত্তি হয়নি। এ নিয়ে গত ২০ জুন প্রথম আলোর শেষের পাতায় ‘বগুড়ায় অসহায় এক কৃষকের জমির দখল নিলেন আ.লীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ২২ জুন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে দখল হস্তান্তর কার্যক্রম স্থগিত করে আগের অবস্থায় থাকার নির্দেশ দেন।ওই চিঠিতে উভয় পক্ষকে জানানো হয়, ওই জমির বিষয়ে হাইকোর্টের প্রত্যয়ন করা কপি উপস্থাপন না করা পর্যন্ত জমির দখল হস্তান্তরের কার্যক্রম স্থগিত থাকবে। এ ছাড়া হাইকোর্টের আপিল বিভাগে এ ব্যাপারে যুক্তিসংগত সময়ের মধ্যে আপিল করা হয়েছে কি না, তা জমির মালিককে জানাতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে আগে গৃহীত সমুদয় কার্যক্রম প্রত্যাহার করা হলো। যদি আপিল দায়ের হয়, তবে এ বিষয়ে আপিল বিভাগের আদেশ বাস্তবায়ন করা হবে।কৃষক এলাহী বকশ চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, চিঠিতে আগের কার্যক্রম প্রত্যাহারের কথা বলা হয়েছে। সে হিসেবে জমিতে আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদের নির্মাণ করা ইটের প্রাচীর ভেঙে ফেলা উচিত। কিন্তু আবুল কালাম তা ভাঙেননি। এ কারণে তিনি তাঁর জমির দখল পাচ্ছেন না। এলাহী বকশ বলেন, জমির দখল বুঝে পেতে প্রশাসনের দরজায় ধরনা দিলেও কেউ এগিয়ে আসছেন না। তাঁরা ইটের প্রাচীর ভেঙে দখল নিতে বলছেন। কিন্তু তা করতে গেলে আওয়ামী লীগের ওই নেতা আবার মামলা করতে পারেন। তাহলে এর খেসারত দেবে কে? জেলা হুকুমদখল কর্মকর্তা খালিদ হোসেন বলেন, আদালত থেকে ওই জমির বিষয়ে কোনো রায় বা কাগজ পৌঁছায়নি। তিনি এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) সঙ্গে যোগাযোগ করতে বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ-সংক্রান্ত কোনো কাগজ হাইকোর্ট থেকে আসেনি। তাঁর কাছে জমির মালিক এলাহী বকশ জমির দখল পেতে আসেননি বা কোনো আবেদন করেননি। তিনি এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ দেড় মাস আগে প্রতিবেদন তৈরির সময় প্রথম আলোর কাছে দাবি করেছিলেন, হাইকোর্ট কৃষকের জমি অধিগ্রহণের পক্ষে রায় দিয়েছেন। রায়ের কপি এখনো পৌঁছায়নি। গত মঙ্গলবারও তিনি একই দাবি করে এই প্রতিবেদককে বলেন, ‘রায়ের কপি এখনো আসেনি। এলেও আপনাকে দেখাব কেন?’