বগুড়ায় অস্ত্রের ঝনঝনানি বেড়েছে খুন, ছিনতাই
বগুড়া শহরে দিনের বেলা সশস্ত্র মহড়া, গুলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পরও পুলিশ সন্ত্রাসীদের ধরতে পারছে না। সম্প্রতি তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় শহরের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এদিকে ঈদ সামনে রেখে ছিনতাইকারীদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।গত সাড়ে আট মাসে বগুড়া জেলার ১২টি থানায় ৫৭ জন খুন হয়েছে। এর মধ্যে গত ৩০ জুন পর্যন্ত ছয় মাসে ৪৪টি, জুলাইয়ে ১০টি এবং চলতি মাসে তিনটি খুনের ঘটনা ঘটেছে। রমজান মাসে গোটা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ আগস্ট থেকে সাত দিনের বিশেষ অভিযান চালায় পুলিশ প্রশাসন। প্রায় চার শ জনকে গ্রেপ্তার দেখানো হলেও তালিকাভুক্ত কোনো সন্ত্রাসীকে ধরতে পারেনি পুলিশ। সাত দিনের বিশেষ অভিযানে কয়েক পুরিয়া গাঁজা, হেরোইন, ফেনসিডিল ও মদ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। দিনে ও রাতে পুলিশের টহল জোরদার করার জন্য ২৮টি দল মাঠে নামানো হয়েছে। সন্ত্রাসীরাও তাদের মহড়া জোরদার করেছে রমজান মাসের প্রথম দিন থেকেই।১২ আগস্ট দিনের বেলা শহরের ফুলতলায় যুবলীগ থেকে বহিষ্কৃত আমিনুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মজনু শেখের পক্ষের লোকজনের মধ্যে সশস্ত্র মহড়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ফোরকান নামের একজন গুলিবিদ্ধ হন।একই দিন সন্ধ্যার পর শহরের সূত্রাপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন আলমকে কুপিয়ে হত্যা করা হয়। ১৫ আগস্ট সন্ধ্যায় শহরের মালতিনগরে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় জেলা যুবলীগের কর্মী রোকনুজ্জামান ওরফে গালকাটা রিপনকে। ৯ আগস্ট শহরতলির পালশা গ্রামে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় আকবর আলী নামের এক বৃদ্ধকে। এ মাসের শুরুতেই শহরের মাটিডালি এলাকায় বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।রমজান মাসের শুরু থেকে শহরের বিভিন্ন স্থানে প্রতি রাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বেশির ভাগ ঘটনার অভিযোগ থানায় জানানো হয় না। গত এক সপ্তাহে বগুড়া সদর থানায় মাত্র একটি ছিনতাই মামলা হয়েছে। ২১ আগস্ট শহরের কারবালায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে আবুল কালাম ও রফিকুল ইসলাম নামের দুই রিকশাযাত্রীর কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই রাতেই কইচর মোড়ে ও নারুলি কৃষি ফার্মের কাছে গণছিনতাইয়ের ঘটনা ঘটে। ১৮ আগস্ট রাতে নাটাইপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সংবাদকর্মী জাহিদুল ইসলামের কাছ থেকে একটি মুঠোফোন এবং দেড় হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরের রাতে একই এলাকায় ছিনতাইকারীরা বাসচালক হান্নানের কাছ থেকে আট হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘ছিনতাই প্রতিরোধে টহল বাড়ানো হয়েছে। আমরা চেষ্টা করছি এসব মোকাবিলা করতে।’বিএনপির নেতা শাহীনকে হত্যার অভিযোগে পৌর কাউন্সিলর ও যুবদল নেতা দেলোয়ার হোসেনসহ বেশ কয়েকজনকে আসামি করা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। একইভাবে যুবলীগের কর্মী রিপনকে যারা হত্যা করেছে, তাদেরও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এই হত্যাকাণ্ডের ঘটনায় পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা শিপার আল বখতিয়ারসহ ১১ জনকে আসামি করা হয়েছে।বগুড়ার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) আরিফুর রহমান মণ্ডল অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার কথা স্বীকার করে জানান, অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের ইতিমধ্যে পুলিশ শনাক্ত করতে পেরেছে। শিগগির অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে। তিনি বলেন, ‘সম্প্রতি ঘটা তিনটি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়েছে। কিন্তু গা ঢাকা দেওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি।’ তিনি জানান, ছিনতাই প্রতিরোধে টহল আরও বাড়ানো হয়েছে।