বগুড়ায় অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড চালু
অপহরণ দমনে এবার বগুড়ায় অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড চালু করা হয়েছে। আজ বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে সাত সদস্যবিশিষ্ট এই স্কোয়াড গঠনের ঘোষণা দেওয়া হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার নাজির আহমেদ খানকে প্রধান করে এ বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। স্কোয়াডের অন্য সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজীউর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মিজানুর রহমান, ডিবির উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান, সদর থানার এসআই আনোয়ার হোসেন, শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও বগুড়ার উপশহর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক কালে বগুড়া জেলাজুড়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ শঙ্কিত। শহরের এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার ঘটনায় জনজীবনে ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। এ সুযোগে সাজানো অপহরণ নাটক মঞ্চায়নের ঘটনা ঘটছে। মানুষের আস্থা ফেরাতে অপহরণ-সংক্রান্ত সব ধরনের অপরাধ দমনে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে এ স্কোয়াড গঠন করা হয়েছে। আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি অপহরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ স্কোয়াড।
এই অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াডে যোগাযোগের মাধ্যম—০১৭১৩-৩৭৪০৫৭ ও ০১৭১৩-৩৭৪০৫৮ (ফোন নম্বর), ([email protected]) ও ([email protected]) (ই-মেইল) কিংবা সংশ্লিষ্ট থানাকে অবহিত করা।