বগুড়ায় অ্যাসিড-সন্ত্রাসবিরোধী আলোচনা
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বগুড়ায় আজ শনিবার বেলা তিনটার দিকে অনুষ্ঠিত হবে মুক্ত আলোচনা। সেখানে অ্যাসিডদগ্ধ নারীরা তাঁদের যন্ত্রণা ও সংগ্রামের কথা বলবেন।
বগুড়া শহরের স্টেশন সড়কের করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে (সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের সামনে) ‘বগুড়ায় আমরা রুখব অ্যাসিড-সন্ত্রাস’ শীর্ষক এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
মুক্ত আলোচনায় অংশ নেবেন বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস্-উল আলম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হকসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, নারীনেত্রী, উন্নয়নকর্মী, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, তরুণ-তরুণী, সাংস্কৃতিক কর্মী, নির্মাতা, নারী ক্রিকেটারসহ নানা পেশার মানুষ।
অ্যাসিড-সহিংসতা নিয়ে কথা বলবেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ, প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল প্রমুখ। অনুষ্ঠানে অ্যাসিডদগ্ধ ছয় শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে।