বগুড়ার সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুস সালামকে কুপিয়ে জখম করার ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গত সোমবার রাতে সালামের শ্বশুর শাহাদত জামান বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা করেন।আসামিরা হলেন: সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ আবদুল মান্নানের একান্ত সচিব আলমগীর শাহী ওরফে সুমন, আওয়ামী লীগের কর্মী আরিফ হোসেন ও আলমগীরের গাড়িচালক আজমল হোসেন। এ ছাড়া ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।দলীয় সূত্র জানায়, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে দলীয় কোন্দলের জের ধরে গত শনিবার ভোরে বগুড়া শহরের নারুলী এলাকায় আবদুস সালামকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা শেষে বগুড়ায় এনে গতকাল মঙ্গলবার শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।সালামকে কুপিয়ে জখম করার ঘটনায় সারিয়াকান্দি উপজেলা সদরে মিছিল ও সমাবেশ হয়। ২৪ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে উত্তেজনা দেখা দেয়। অবশেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান নেতাদের সঙ্গে বৈঠক করে সম্মেলন স্থগিত ঘোষণা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি ছকির উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।