বগুড়ায় আ.লীগ, কুমিল্লায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়ায় গত বুধবার রাতে আওয়ামী লীগের এক নেতা ও তাঁর দোকানের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। একই রাতে একইভাবে কুমিল্লার হোমনা উপজেলায় হত্যা করা হয়েছে বিএনপির এক নেতাকে।নিহত ব্যক্তিরা হলেন কাহালুর বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম (৫২) ও দোকান কর্মচারী মুনছুর মিয়া এবং হোমনার মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুন্সী আবদুল মতিন (৭০)।কাহালু থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, কাহালু উপজেলা সদরে আওয়ামী লীগের নেতা খোরশেদের একটি দর্জি দোকান রয়েছে। বুধবার রাত আটটার দিকে খোরশেদ দোকান বন্ধ করে কর্মচারী মুনছুর ও বাবলুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে কাজীপাড়ায় ওত পেতে থাকা একদল অস্ত্রধারী সন্ত্রাসী রিকশা-ভ্যান দিয়ে তাঁদের গতিরোধ করে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে খোরশেদসহ তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে মুনছুরের মৃত্যু হয়। খোরশেদ ও বাবলুকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে রাত ১১টার দিকে খোরশেদের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই বাবলুকে ঢাকায় পাঠানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ রাতেই টি এম শহীদুল্লাহ (৫৮), ছেলে তাপস (২০), ভাই টি এম সানাউল্লাহ ও বীরকেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মগর আলীকে (৪০) আটক করে।আওয়ামী লীগের নিহত নেতা খোরশেদের বাড়ি কাজীপাড়া গ্রামে। মুনছুরের বাড়ি ছাতুয়ারপাড়া গ্রামে। নাম প্রকাশে অনিচ্ছুক কাজীপাড়ার একাধিক বাসিন্দা বলেন, সমপ্রতি কাজীপাড়া উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হন খোরশেদ। এ নিয়ে একটি পক্ষের সঙ্গে তাঁর বিরোধ ছিল।একই কথা বলেন নিহত খোরশেদের ছেলে সাইদ আলী। তিনি প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নিয়ে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষ তাঁর বাবাকে হত্যা করেছে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজামেঞ্চল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে মর্গে রয়েছে।হোমনায় নিহত বিএনপির নেতার বড় ছেলে মুন্সী ইকবাল হোসেন বলেন, বুধবার রাত সাড়ে সাতটার দিকে তাঁর বাবা মুন্সী আবদুল মতিন মুন্সীরহাট এলাকা থেকে হেঁটে ছয়ফুল্লাকান্দির মাথাভাঙ্গা গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের পশ্চিম পাশে প্রায় ১৫ জন লোক অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এখানে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। ছয়ফুল্লাকান্দি মাথাভাঙ্গা গ্রামের আবুল হাশেম ও জাহাঙ্গীর আলম বলেন, মুন্সী আবদুল মতিন এলাকার স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা নির্মাণসহ নানা উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে গতকাল মাথাভাঙ্গা ভৈরব উচ্চবিদ্যালয় ও মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। তিনি দীর্ঘদিন ভৈরব উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ছিলেন।হোমনা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জলিল আহমেদ বলেন, মুন্সী আবদুল মতিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর ছোট ভাই মুন্সী সোহরাব হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় কেউ আটক হয়নি। তদন্ত চলছে।