বগুড়ায় আ.লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ আহত ১
বগুড়ার কাহালু উপজেলায় গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন প্রকল্পের চাল ও গমের ‘সরবরাহ আদেশ’ (ডিও) কেনা নিয়ে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে গত সোমবার বিভিন্ন প্রকল্পের খাদ্যশস্যের ডিও ছাড় দেওয়া হয়। এই ডিও কেনা নিয়ে গতকাল বেলা দেড়টার দিকে কাহালু খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পি এম বেলাল হোসেনের সমর্থকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে।
একপর্যায়ে ওই সংঘর্ষ কাহালু বাজার, চারমাথা ও সদর ইউনিয়ন পরিষদে ছড়িয়ে পড়ে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুরোনো ইউপি ভবনে হামলা চালিয়ে বেলাল উদ্দিনের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে বেলাল হোসেনের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে আবারও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুটি ককটেল হামলা চালানো হয়। সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৪৭) নামে আওয়ামী লীগের এক কর্মী আহত হন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী এই ঘটনার মধ্যে ছিলেন না। উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে এই ঘটনা ঘটেছে।
আর যুবলীগ নেতা বেলাল হোসেন বলেন, শ্রমিক লীগ নেতা বাদশা ও শাহিনের জন্য এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাঁরাই আওয়ামী লীগ নেতা-কর্মীদের ইন্ধন দিয়েছেন।
তবে উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাদশা আকন্দ ও শ্রমিক লীগের নেতা শাহিন এই ঘটনার জন্য বেলালকে দায়ী করে বলেন, বিএনপির লোকজন এনে বেলাল গোলমাল বাধিয়েছেন।
কাহালু থানার পরিদর্শক সমিত কুমার কুন্ডু জানান, পরিস্থিতি সামাল দিতে কাহালু রেলওয়ে বটতলা ও চারমাথা এলাকায় দিনভর পুলিশ মোতায়েন ছিল।