বগুড়ায় আ.লীগ নেতার নেতৃত্বে কোটি টাকার জায়গা দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের ঝাউতলা সড়কে অবস্থিত কয়েক কোটি টাকার প্রায় চার শতক সরকারি জায়গা দখল করেছেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতারা। গতকাল শুক্রবার সকালে চেম্বারের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের নেতৃত্বে চেম্বারের লোকজন এই জায়গার দখল নেন। দখল নেওয়ার পর সেখানে নির্মাণকাজ শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গতকাল সকাল ১০টার দিকে ঝাউতলা সড়কে বগুড়া চেম্বার অব কমার্স-সংলগ্ন দক্ষিণ পাশের জায়গাটির পুরোনো ঘরবাড়ি ও খুঁটি ভাঙার কাজ শুরু হয়। চেম্বার ও আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিনের নেতৃত্বে চেম্বারের সহসভাপতি এনামুল হক ও শাহ আখতারুজ্জামানের উপস্থিতিতে শ্রমিকেরা এসব ভাঙতে থাকেন। আধা-ভাঙা জীর্ণ দোকানের সামনে তাজমা সিরামিক ইন্ডাস্ট্রিজের নাম লেখা সাইনবোর্ডটি ছিল। তাঁরা সেটি খুলে ফেলেন। দখল করার পর সেখানে সঙ্গে সঙ্গে রাজমিস্ত্রি লাগিয়ে জায়গাটি ঘিরে ফেলার কাজ শুরু হয়। নির্মাণকাজ চলার সময় এসব বিষয়ে জানতে চাইলে নেতারা চেম্বার ভবনে যেতে বলেন। চেম্বার ভবনে পাওয়া যায় চেম্বারের সহসভাপতি এনামুল হককে। তিনি বলেন, ‘এসব বিষয়ে আমি কিছু বলতে পারব না। চেম্বারের সভাপতির নির্দেশে সবকিছু হয়েছে।’খোঁজ নিয়ে জানা গেছে, ঝাউতলা সড়কে অবস্থিত এই জায়গাটি অর্পিত সম্পত্তি। এর দুই শতক জায়গা ২৬ বছর ধরে ইজারা নিয়ে ব্যবসা করছেন দেশের অন্যতম প্রাচীন শিল্প প্রতিষ্ঠান তাজমা সিরামিক ইন্ডাস্ট্রিজ। বিগত বিএনপি সরকারের শাসনামলে সড়ক সম্প্রসারণে এই জায়গার কিছু অংশ সড়কে চলে যায়। সোয়া শতক জায়গা ইজারা নিয়ে দখলে আছেন মুক্তিযোদ্ধা চৌধুরী ফরিদ আহমেদ। তিনি ১৯৭৭ সাল থেকে ইজারা নিয়েছেন। তাঁরা সরকারি কোষাগারে নিয়মমাফিক টাকাও জমা দিয়েছেন। প্রতিবছর এই ইজারা নবায়ন করতে হয়। গত ১৪ এপ্রিল নতুন করে ওই জায়গা নবায়ন করার কথা থাকলেও তা করা হয়নি। অনুসন্ধানে জানা গেছে, গত বছরের প্রথম দিকে এই জায়গার ওপর চোখ পড়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের। তিনি জায়গাটি তাঁর নামে ইজারা দিতে বগুড়ার তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ মুনির চৌধুরীর ওপর চাপ প্রয়োগ করেন। যোগাযোগ করা হলে মোহাম্মাদ মুনির চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মমতাজ উদ্দিন জায়গাটি তাঁর নামে ইজারা দিতে চাপ সৃষ্টি করেছিলেন। কিন্তু আমি তাঁকে বলেছিলাম, ২৬ বছর ধরে সরকারি কোষাগারে যথানিয়মে টাকা দিয়ে যাঁরা জায়গা ভোগদখল করছেন তাঁরাই পাবেন।’ ওই ঘটনার পর পরই বদলি হয়ে যান মুনির চৌধুরী। জেলা প্রশাসনে খোঁজ নিয়ে জানা গেছে, মমতাজ উদ্দিন ব্যক্তিগতভাবে জায়গাটি নিতে ব্যর্থ হওয়ার পর জায়গাটি বগুড়া চেম্বার অব কমার্সে দেওয়া যায় কি না, সেই চেষ্টা শুরু করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) ব্যবস্থা নিতে বলেন জেলা প্রশাসক। সেই নির্দেশের আলোকে তাঁরা প্রতিবেদন জমা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, জেলা প্রশাসকের সঙ্গে মমতাজ উদ্দিনের সখ্যের কারণে জায়গাটি যাতে চেম্বারকে ইজারা দেওয়া হয়, এমন মতামত প্রতিবেদনে দেওয়া হয়। তাজমা সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক পরিচালক আমজাদ হোসেন তাজমা বলেন, ‘ওই প্রতিবেদনের সূত্র ধরে এই দখল-প্রক্রিয়া। আমি সরকারকে ২৬ বছর ধরে টাকা দিচ্ছি। নতুন করে ইজারা দিতে হলে আমাকেই দিতে হবে।’ আমজাদ বলেন, সেই নিয়ম অনুযায়ী তাঁদের কাছে ইজারা দেওয়ার কথা। তাঁরা আবেদন করেছেন, কিন্তু এখনো ইজারা দেওয়া হয়নি। তাই তিনি বাধ্য হয়ে গত ৪ জুলাই এ বিষয়ে বগুড়ার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেছেন। মামলায় বিবাদী করা হয়েছে বগুড়া জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রেভিনিউ ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার (ভূমি) বগুড়া সদর এবং সভাপতি বগুড়া চেম্বার অব কমার্স। এ ব্যাপারে বগুড়া জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম বলেন, ‘জায়গাটি কাউকে ইজারা দেওয়া হয়নি। বগুড়া চেম্বার ও তাজমা সিরামিক জায়গাটি তাঁদের নামে ইজারা নিতে আবেদন করেছেন। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার পরও কেন বগুড়া চেম্বার দখল করছে, তা জানি না।’মুঠোফোনে যোগাযোগ করা হলে চেম্বারের সভাপতি ও আওয়ামী লীগের নেতা মমতাজ উদ্দিন দখলের ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাননি।