বগুড়ায় আ.লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি সভা, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ একই সময়ে একই স্থানে বর্ধিত সভা আহ্বান করায় উপজেলা প্রশাসন গাবতলী সদরের কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে। শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে গাবতলী সদরে মাইকিং করা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ২০০৯ সালে মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান জাহিদুল কবীর পাইকার। তিনিও ২০১০ সালের ৯ ডিসেম্বর মারা যান। এরপর থেকে সাধারণ সম্পাদকের পদ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ উঠেপড়ে লাগে। এমনিতে গাবতলীতে আওয়ামী লীগের রাজনীতিতে দুটি ধারা। এর একটিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম আযম খান এবং অপর পক্ষে রয়েছেন দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম।আযম খান গাবতলী উপজেলা পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল বর্ধিত সভা আহ্বান করলে আমিনুল ইসলামও একই স্থানে ও সময়ে সভা আহ্বান করেন। এ অবস্থায় বেলা ১১টার আগে উপজেলা প্রশাসন থেকে সেখানে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করে।আমিনুল ইসলাম অভিযোগ করেন, গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার কথা তাঁর। কিন্তু এ এইচ আজম খান ক্ষমতা কুক্ষিগত করতে এবং নিজ আধিপত্য বজায় রাখতে ৩ নম্বর যুগ্ম সম্পাদক আবদুর রাজ্জাককে ওই পদে রাখার চেষ্টা করছেন। ১৪৪ ধারা জারি করায় নির্ধারিত জায়গায় সভা না হলেও পুরান বাজার এলাকায় সভা হয়েছে।এ এইচ আজম খান বলেন, জেলা আওয়ামী লীগের অনুমতি নিয়েই বর্ধিত সভা ডাকা হয়েছে। আমিনুল ইসলামের সভা ডাকার এখতিয়ার নেই। প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করায় তাঁরা পাইলট উচ্চবিদ্যলয়ের স্থান পরিবর্তন করে প্রশিকার মিলনায়তনে সভা করেছেন।গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ মণ্ডল জানান, ১৪৪ ধারা জারি করার কারণে কোনো পক্ষ সভা করতে পারেনি। ১৪৪ ধারা জারির বাইরে তারা সভা করেছে।