বগুড়ায় আগাম আলু চাষে আগ্রহ নেই কৃষকের
মজুদ করা আলু নিয়ে চরম বিপাকে পড়া বগুড়ার আলুচাষিদের এবার আগাম আলু চাষে আগ্রহ নেই। আলুর বদলে তাঁরা এবার অন্য সবজি চাষ করেছেন। এ কারণে এ বছর বগুড়ায় এখন পর্যন্ত আগাম জাতের আলু বাজারে তেমন নেই।সরেজমিনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোকুল, মহাস্থান, মোকামতলা, রায়নগর, চণ্ডীহারা, উথলী, বগুড়া সদরের শাখারিয়া, রাজাপুর, সাবগ্রাম, গাবতলী ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগাম আলুর পরিবর্তে চাষিরা অন্য সবজি চাষ করছেন। বগুড়া সদরের কর্ণপুর গ্রামের চাষি মজিদ শেখ জানান, বাজারে দাম কম হওয়ায় অনেক কৃষক গত বছর হিমাগারে রাখা তাঁদের আলু তুলছেন না। প্রতি বস্তা আলুতে লোকসান গুনতে হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। লোকসান হওয়ায় এবার আলু চাষে তাঁদের আগ্রহ নেই। বগুড়া সদরের কালীবালা গ্রামের চাষি মোজাম মিয়া জানান, এবার আলুর দাম কম থাকায় আগাম আলু চাষ করা হয়নি। আলুর বদলে অন্য সবজি চাষ হচ্ছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক একরাম হোসেন জানান, গত মৌসুমে বগুড়ার কৃষক ও ব্যবসায়ীরা যে দামে আলু কিনেছিলেন, এখন মৌসুমের শেষ দিকেও দাম একই রকম রয়েছে। ফলে ব্যবসায়ী ও কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। এ কারণে আগাম আলু চাষ গত বছরের তুলনায় অনেক কম হয়েছে।