বগুড়ায় আজ থেকে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট আহ্বান
বগুড়ায় আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। গতকাল শুক্রবার বগুড়া মোটর মালিক গ্রুপ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মোটর মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘটের ডাক দেয়। বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে বাস চলাচলকে কেন্দ্র করে বগুড়ার সঙ্গে রংপুর ও সিরাজগঞ্জ মালিক-শ্রমিকদের বিরোধকে কেন্দ্র করে এ ধর্মঘট ডাকা হয়। বগুড়া বাস মালিক-শ্রমিকদের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে গতকাল দুপুরে বগুড়ার বাস চান্দাইকোনায় গেলে সিরাজগঞ্জের শ্রমিকেরা এসব বাসের শ্রমিকদের মারধর করে। এর প্রতিবাদে বগুড়ার চারমাথা বাস টার্মিনালের সামনে গতকাল সন্ধ্যা ছয়টায় আধা ঘণ্টার জন্য বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আখতারুজ্জামান জানান, আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাগর কুমার রায়, সামছুদ্দিন শেখ প্রমুখ।খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়ক উদ্বোধনের পর থেকে বগুড়ার মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে দূরপাল্লার যানবাহনগুলো এ পথে চলাচল করছে। কিন্তু রংপুর ও সিরাজগঞ্জ মালিক-শ্রমিকেরা বিষয়টি মেনে না নেওয়ায় তাঁদের সঙ্গে বগুড়ার মালিক-শ্রমিকদের বিরোধ দেখা দেয়। বিরোধ নিষ্পত্তিতে ২২ জুলাই বগুড়া জেলা প্রশাসনসহ বগুড়া ও রংপুর মালিক-শ্রমিক নেতাদের যৌথ সভা হয়। এতে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের দূরপাল্লার যানগুলো দ্বিতীয় বাইপাস এবং আন্তজেলা যানবাহনগুলো প্রথম বাইপাস দিয়ে চলবে। কিন্তু সিরাজগঞ্জ মালিক-শ্রমিক নেতারা আবার এ সিদ্ধান্ত বয়কট করেন। তাঁরা এ সিদ্ধান্তের প্রতিবাদে ২৫ জুলাই চান্দাইকোনায় বগুড়ার বাসগুলো আটকে দেন। ওই দিন থেকেই সিরাজগঞ্জ, নগরবাড়ী, ময়মনসিংহ ছাড়াও বেশ কয়েকটি রুটে বগুড়ার বাস চলাচল বন্ধ হয়ে যায়।