বগুড়ায় আজ থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাসভবনে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে আজ বুধবার সকাল ছয়টা থেকে কাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা বগুড়ায় হরতাল ডাকা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের নওয়াববাড়ী সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত ১৮-দলীয় জোটের সমাবেশ থেকে ৩৬ ঘণ্টা হরতালের ঘোষণা দেওয়া হয়। জোটের পক্ষ থেকে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হরতাল কর্মসূচির ঘোষণা দেন। ১৮-দলীয় জোটের ওই সমাবেশে বিএনপি-জামায়াতের জেলার শীর্ষ নেতারা বক্তৃতা করেন।
সমাবেশে হরতালের ঘোষণা দিয়ে বলা হয়, কাল বৃহস্পতিবারের মধ্যে বিরোধীদলীয় নেতাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেওয়া না হলে বগুড়ায় অনির্দিষ্টকালের জন্য লাগাতার হরতালের ডাক দেওয়া হবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, জেলা ১৮-দলীয় জোটের এক জরুরি সভায় ৩৬ ঘণ্টার হরতাল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশের আগে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে বিরোধীদলীয় নেতাকে অবরুদ্ধ ও হাইকোর্টে হামলার প্রতিবাদে বগুড়ার আদালত বর্জন করে জেলা জজ আদালত চত্বরে গতকাল সকাল থেকেই সমাবেশ করেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বক্তৃতা করেন।