বগুড়ায় আঞ্চলিক কার্যালয় থেকে ২৯৯ পাসপোর্ট উধাও
বগুড়ার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে ২৯৯টি পাসপোর্ট বই হারিয়ে গেছে। এ ঘটনায় ওই কার্যালয়ের সহকারী পরিচালক আইয়ুব আলী সদর থানায় গত সোমবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।আইয়ুব আলী থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকা থেকে বগুড়ায় ছয়টি বাক্সে ছয় হাজার পাসপোর্ট আসে। এর মধ্যে চারটি বাক্স জেলা প্রশাসকের ট্রেজারিতে এবং দুটি বাক্স তাঁর কক্ষে রেখে দেওয়া হয়। আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত। গত রোববার কার্যালয়ে এসে বইগুলো গণনা করতে গিয়ে ২৯৯টি পাসপোর্ট বই পাওয়া যায়নি।পাসপোর্ট কার্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, গত শুক্রবার বন্ধের দিন আইয়ুব আলী কার্যালয় খুলে কাজ করেছেন। সেদিন রাতেই তিনি ঢাকায় চলে যান। পরে গত রোববার তিনি ঢাকা থেকে ফিরে তাঁর কার্যালয়ে বসেন। আর তখনই এসব পাসপোর্ট বই উধাও হওয়ার বিষয়টি প্রকাশ পায়। তবে ঘটনাটি যাতে কোনোভাবে জানাজানি না হয়, সে জন্য সবাইকে সাবধান করে দেন আইয়ুব আলী।দেরি করে থানায় জিডি করার বিষয়ে আইয়ুব আলী বলেন, ঘটনাটি ঢাকায় জানানোর জন্য বিলম্ব হয়েছে। সদর থানার ওসি এ কে এম খালেকুজ্জামান বলেন, ঘটনাটির তদন্ত চলছে।