বগুড়ায় আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন

বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে আজ শনিবার সকালে বেলুন উড়িয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করা হয়েছে।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সকাল নয়টায় শুরু হয় উদ্বোধনী পর্ব। উৎসবের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।

মো. আশরাফ উদ্দিন বলেন, শিশুদের কাছে আগে গণিত ও ইংরেজি ভীতিকর বিষয় ছিল। গণিতের ভীতি কাটাতে এগিয়ে এসেছে প্রথম আলো ও ডাচ্-বাংলা ব্যাংক। এখন শিশুরা গণিতকে ভয় করে না। গণিত অলিম্পিয়াডকে উৎসব মনে করে। এই সকালে বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশুদের উপস্থিতি সেটা প্রমাণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর বগুড়া অফিস ব্যবস্থাপক শরিফুল ইসলাম, ডাচ্-বাংলা ব্যাংক বগুড়ার ব্যবস্থাপক ফজলুল করিম ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।

বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধার শতাধিক প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী এই উৎসবে যোগ দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর গণিত পরীক্ষায় অংশ নিচ্ছে তারা।