বগুড়ায় আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু আজ
বগুড়ায় প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা। টঙ্গীর বিশ্ব ইজতেমায় এবার বগুড়াসহ উত্তরাঞ্চলের জেলাগুলোর মুসল্লিদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তাবলিগ জামাতের কেন্দ্রীয় সিদ্ধান্তে বগুড়ায় এ বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়।
ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বগুড়া মারকাজ মসজিদের খতিব মুফতি মশিউর রহমান শাহীন জানিয়েছেন, বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকায় তাবলিগ জামাতের ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় এই বিশ্ব ইজতেমা হচ্ছে। এতে বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, মরক্কো, কানাডা, সোমালিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ দেশি-বিদেশি মুসল্লিরা যোগ দিচ্ছেন।
মুফতি মশিউর রহমান জানান, আজ ফজরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৬ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, প্রথমবারের মতো বগুড়ায় অনুষ্ঠিত এই বিশ্ব ইজতেমায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমা ময়দানে বিপুলসংখ্যক পোশাকধারী ও সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।