বগুড়ায় আট দফা দাবিতে আলুচাষিদের সমাবেশ অনুষ্ঠিত
ক্ষতিগ্রস্ত আলুচাষিদের ক্ষতিপূরণ, আলু রপ্তানির ব্যবস্থা করাসহ আট দফা দাবিতে বগুড়ায় রাজশাহী বিভাগীয় সমাবেশ হয়েছে। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে শহরের সাতমাথা এলাকায় গতকাল শনিবার বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আট দফা দাবির মধ্যে আরও রয়েছে, সরকারি উদ্যোগে উৎপাদন খরচের সঙ্গে ৩০ ভাগ মূল্য সহায়তা দিয়ে কৃষকদের আলু ক্রয় করা ও আলুভিত্তিক শিল্প গড়ে তোলা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংগঠনের জেলা সংগঠক সাইফুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশ হয়।
সমাবেশে ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশিদ বলেন, আলু এ অঞ্চলের অন্যতম অর্থকরী ফসল হলেও প্রতিবছর কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। সম্প্র্রতি দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে কৃষকেরা আগাম আলুসহ শাকসবজি পানির দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন। তিনি অবিলম্বে তাঁদের আট দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজেদ পারভেজ, বাসদের নওগাঁ জেলা আহ্বায়ক জয়নাল আবেদীন, বাসদের সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক নবকুমার কর্মকার, বাসদের রাজশাহী জেলা আহ্বায়ক দেবাশীষ রায় প্রমুখ।